সঞ্জীব চৌধুরীর জন্মদিনে আসছে ‘আয় আমন্ত্রণ’
তিন বছর পর আসছে দলছুটের নতুন অ্যালবাম, আয় আমন্ত্রণ। এটি তাদের পঞ্চম অ্যালবাম। সঞ্জীব চৌধুরীর একটি কবিতা থেকে নেওয়া হয়েছে নামটি। দলছুটের প্রধান বাপ্পা মজুমদার জানান, এরই মধ্যে অ্যালবামের সব কাজ চূড়ান্ত হয়েছে। ২৫ ডিসেম্বর প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্মদিনেই বাজারে আসছে দলছুটের নতুন অ্যালবামটি।অ্যালবামে মোট গান থাকছে ১১টি। থাকছে সঞ্জীব চৌধুরীর লেখা গান। একটি গান লিখেছেন সঞ্জীব চৌধুরীর স্ত্রী প্রজ্ঞা নাসরীন। অন্য গীতিকারেরা হলেন জুলফিকার রাসেল, তানভির সাজিব, রাসেল ও’নীল, ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, শাহান কবন্ধ, মারজুক রাসেল, রানা ও জাহিদ আকবর।আয় আমন্ত্রণ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, অ্যালবামটির মধ্য দিয়ে দলছুটের পাশাপাশি শ্রোতারাও সঞ্জীবদার অনুপস্থিতিটা অনুভব করতে পারবেন। আয় আমন্ত্রণ অ্যালবামে নতুন বাদ্যযন্ত্র ও প্রযুক্তির ব্যবহার এড়িয়ে যাওয়া হয়েছে। তাই শ্রোতারা গানগুলোতে অন্য রকম স্বাদ পাবেন।