সঞ্জয় গান্ধীর জীবনী নিয়ে চলচ্চিত্র
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে বিতর্কিত রাজনীতিবিদ সঞ্জয় গান্ধীকে নিয়ে এবার চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। এরই মধ্যে সব কিছু চূড়ান্তও করেছেন পাকিস্তানি পরিচালক সঞ্জয় পুরাণ সিং চৌহান। তবে ছবিটির নাম এখনো চূড়ান্ত না হলেও শুটিং খুব শিগগিরই শুরু হবে। বর্তমানে সঞ্জয় চৌহান সায়েন্স ফিকশন ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। টাইমস অব ইন্ডিয়াকে খবরটি নিশ্চিত করে সঞ্জয় চৌহান বলেন, ‘এটা সত্য যে আমি তাঁর জীবনী নিয়ে ছবি নির্মাণ করছি। তাঁর আদর্শ এবং দেশপ্রেম বরাবরই আমাকে মুগ্ধ করে। সঞ্জয় গান্ধী বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি হলেও সব সময় আমি চাইতাম তাঁর জীবনী পর্দায় উপস্থাপন করতে। তবে ছবিটির মধ্য দিয়ে আমি আরও বড় পরিসরে সঞ্জয় গান্ধীকে উপস্থাপন করার চেষ্টা করব।’চৌহান আরও বলেন, ‘আমি দেখেছি লাহোরের লেখকেরা ভারতের রাজনীতিবিদদের সম্পর্কে অনেক বেশি সচেতন। তবে ছবিটিতে আমি এমন কোনো কিছু উপস্থাপন করব না, যা বিতর্কের সৃষ্টি করবে।’