সঞ্জয় দত্ত দুর্ঘটনায় আহত!
সম্প্রতি ‘শের’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। এ দুর্ঘটনায় তাঁর মুখ-মণ্ডল গভীরভাবে কেটে গেছে এবং কয়েকটি সেলাইও পড়েছে। নিতান্ত ভাগ্যের জোরে অল্পের জন্য রক্ষা পেয়েছে তাঁর চোখ। অ্যাকশন ঘরানার ছবির প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহের বিষয়টিকে মাথায় রেখে ঝুঁকিপূর্ণ সব দৃশ্যের সংযোজন করা হয় এ ধরনের ছবিতে। এসব দৃশ্যে অভিনয় করতে গিয়ে প্রায়ই আহত হচ্ছেন বলিউডের তারকারা। তারই ধারাবাহিতায় এবারে আহত হলেন সঞ্জয়। ‘শের’ ছবির একটি অ্যাকশন দৃশ্যে অন্তত পাঁচশো সহ-শিল্পীর সঙ্গে অভিনয় করছিলেন সঞ্জয়। তাঁদের কারও কারও হাতে ছিল ধারালো তলোয়ার। শুটিংয়ের এক পর্যায়ে দুর্ঘটনাবশত একটি তলোয়ার এসে আঘাত করে সঞ্জয়ের মুখ-মণ্ডলে। সঙ্গে সঙ্গে গভীরভাবে কেটে যায় তাঁর মুখ-মণ্ডল। মাত্র ইঞ্চি খানেক এদিক-ওদিক হলেই তলোয়ারের আঘাত লাগতে পারত তাঁর চোখে। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। দুর্ঘটনার পরপরই সঞ্জয়ের চিকিত্সার ব্যবস্থা করা হয়। ক্ষতস্থানে কয়েকটি সেলাই নিয়ে আবার শুটিং লোকেশনে ফেরেন এ অভিনেতা এবং আহত অবস্থায়ই শুটিং শেষ করেন। উল্লেখ্য, গুজরাট আন্ডারওয়ার্ল্ডের বিষয়বস্তুকে উপজীব্য করে নির্মিতব্য ‘শের’ ছবিতে গুজরাটের গ্যাংস্টার শারমান মুনঝার চরিত্রে অভিনয় করছেন সঞ্জয়। ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ডিসেম্বরে।