সঞ্জয়কে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৬ মে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করবেন বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত। আদালতে আত্মসমর্পণের পর তাঁকে জেলে পাঠানো হবে। কিন্তু আত্মসমর্পণের আগেই একটি উড়ো চিঠিতে সঞ্জয় জেলে গেলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। কারা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, জেলখানায় সঞ্জয়ের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক খবরে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।১৯৯৩ সালে মুম্বাইয়ে সংঘটিত ভয়াবহ বোমা হামলায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত।২১ মার্চ আদালত সঞ্জয় দত্তকে কারাদণ্ড দেওয়ার পর আত্মসমর্পণের জন্য ৪ সপ্তাহ সময় দেন। এর প্রেক্ষিতে আত্মসমর্পণের আগে প্রতিশ্রুত ছবিগুলোর কাজ শেষ করতে আরও ৬ মাস সময় চেয়ে আবেদন করেছিলেন বলিউডের এ অভিনেতা। সঞ্জয়ের এমন আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ মে তারিখের মধ্যে আত্মসমর্পণের আদেশ দেন আদালত। সে হিসেবে আজ সঞ্জয়ের আত্মসমর্পণের দিন। পুনের ইয়েরাওয়াদা জেলে রাখা হবে ৫৩ বছর বয়সী এ অভিনেতাকে।প্রসঙ্গত, অস্ত্র মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হলেও সঞ্জয়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়নি। আর অভিযোগের প্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থনের সময় সঞ্জয় জানিয়েছিলেন, অযোধ্যায় বাবরি মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে ১৯৯৩ সালে যে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধে, তা থেকে নিজ পরিবারের সুরক্ষার জন্যই তিনি ওই অস্ত্র কেনেন।