সঞ্জয়ের পাঁচ ঘণ্টার ঢাকা সফর
রোববার ঢাকায় পাঁচ ঘণ্টা সফর করে গেলেন সঞ্জয় দত্ত। বিকেল তিনটা ৪৫ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানে ঢাকায় আসেন তিনি। ভারতীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানের বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আমন্ত্রণ জানানো হয় তাঁকে।বিমানবন্দর থেকে সঞ্জয়ের বের হতে লেগে যায় অনেক সময়। বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, নিরাপত্তার কারণেই নাকি আয়োজকেরা তাঁকে নিয়ে একটু দেরি করে বাইরে এসেছেন।ঢাকায় বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের আসার খবরটি সপ্তাহ খানেক আগে থেকেই শোনা যাচ্ছিল। তাঁর সঙ্গে আরও থাকার কথা ছিল ফারদিন খান, সুনীল শেঠি ও রাইমা সেনের।কিন্তু রোববার সঞ্জয় একাই ঢাকায় এলেন। অন্যরা কেন আসতে পারেননি, সেই প্রশ্ন করার কোনো সুযোগ ছিল না।শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসে যখন সঞ্জয় পৌঁছালেন, তখন ঘড়িতে সন্ধ্যা ছয়টা বেজে পাঁচ মিনিট। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও আকাশি রঙের জিন্সের প্যান্ট।বিমানবন্দরের পাশাপাশি ওই দিন সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেও ছিল ভক্তদের ভিড়। একটি কালো গাড়ি থেকে নামতেই সঞ্জয় দত্তকে দেখে সবাই চিৎকার করে ওঠে, ‘মুন্নাভাই’, ‘সঞ্জুবাবা’, ‘সঞ্জয়’...। কিন্তু কারও ডাকেই কোনো সাড়া না দিয়ে সঞ্জয় সোজা মঞ্চের দিকে চলে যান।মাইক্রোফোন হাতে নিয়ে সঞ্জয় বললেন, ‘বাংলাদেশ আমার ভালো লাগার একটি দেশ। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।’এরপর ভিএইচ গ্রুপের পণ্য নিয়ে কিছু ইতিবাচক মন্তব্য করেন তিনি।মঞ্চ থেকে নেমে নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন সঞ্জয়। কিন্তু ততক্ষণে ভিড় আরও বেড়ে গেছে। তাঁকে একনজর দেখতে চায় সবাই। সঙ্গে আছেন প্রচারমাধ্যমের কর্মীরাও। একটি কক্ষে কিছুক্ষণ থাকার পর বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জয় বললেন, ‘বাংলাদেশে এটি আমার প্রথম সফর নয়। এর আগেও এখানে দুবার এসেছিলাম। তবে সেগুলোও ছিল খুব অল্প সময়ের জন্য। বাবা (সুনীল দত্ত) ও মায়ের (নার্গিস) কাছ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও নানা বিষয়ে কথা শুনেছি। ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় গিয়েছি। আমি বাংলাদেশের খুবই ভক্ত। বাংলাদেশ এবং এখানকার মানুষকে খুব ভালোবাসি।’‘জয় বাংলা’ বলে এক মিনিট ৩৬ সেকেন্ডের বক্তব্য শেষ করেন তিনি। এর আগে অবশ্য আবারও বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানান।কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িতে গিয়ে বসেন সঞ্জয়। সবার উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান। গাড়ি ছুটে চলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। সেখানে অপেক্ষা করছে জেট এয়ারওয়েজের একই বিমান। রাত আটটা ৪৫ মিনিটে বিমানে গিয়ে ওঠেন সঞ্জয়। এরপর রাত নয়টায় ব্যাংককের উদ্দেশে রওনা দেয় বিমানটি।এভাবেই শেষ হয় সঞ্জয়ের পাঁচ ঘণ্টার ঢাকা সফর।