সঞ্জয়ের পাঁচ বছরের জেল
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার অস্ত্র আইনের এক মামলার রায়ে বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তকে পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। সঞ্জয়কে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। ১৯৯৩ সালের মার্চ মাসে মুম্বাইয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থানে ১২টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছিল। সে সময় ওই ভয়াবহ বিস্ফোরণে মারা যায় ২৫৭ জন এবং ৭০০ জনের বেশি আহত হয়। এরপর সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পর্ক থাকা এবং বাড়িতে অবৈধ অস্ত্র থাকার অভিযোগে ১৯৯৩ সালের এপ্রিল মাসে সঞ্জয় দত্তকে টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাকটিভিটিজ অ্যাক্টের (টাডা আইন) অধীনে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এই অভিনেতার বাড়ি তল্লাশি করে একটি একে-৫৬ রাইফেল ও একটি লাইসেন্সহীন নাইন এমএম পিস্তল খুঁজে পেয়েছিল পুলিশ।২০০৬ সালে টাডা আদালত সঞ্জয়ের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বাদ দেন। তবে আদালত তাঁকে অবৈধ অস্ত্র রাখার দায়ে ছয় বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে সঞ্জয় সুপ্রিম কোর্টে আপিল করেন। তখন সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। এর আগে এই মামলায় মোট ১৮ মাস জেল খেটেছেন বলিউডের এই অভিনেতা। তাঁকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে রাখা হয়েছিল। এনডিটিভি।