সঞ্জয়ের মামলা তুলে নিল উত্তর প্রদেশ সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সাবেক বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীকে ‘জাদু কি ঝাপ্পি’ (জাদুকরী আলিঙ্গন) দিতে চাওয়ায় বলিউডের অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে তিন-তিনটি মামলা হয়েছিল ২০০৯ সালে। সম্প্রতি মামলাগুলো তুলে নিয়েছে উত্তর প্রদেশ সরকার।উত্তর প্রদেশের আইন বিভাগের সুপারিশ পাওয়ার পর সঞ্জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তুলে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।২০০৯ সালের জানুয়ারিতে সমাজবাদী দলের প্রতিনিধি হিসেবে লোকসভা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন সঞ্জয়। তবে শেষ পর্যন্ত মার্চ মাসে প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি। পরবর্তী সময়ে তাঁকে সমাজবাদী দলের জেনারেল সেক্রেটারি পদ দেওয়া হয়। কিন্তু নানা বিতর্কে জড়িয়ে ২০১০ সালের ডিসেম্বরে পদটি ছেড়ে দেন তিনি। সেগুলোর মধ্যে অন্যতম আলোচিত বিতর্ক ছিল মায়াবতীকে নিয়ে সঞ্জয়ের বেফাঁস মন্তব্য।উত্তর প্রদেশের প্রতাপগড়ে আয়োজিত একটি সমাবেশে তত্কালীন মুখ্যমন্ত্রী মায়াবতীকে উদ্দেশ করে সঞ্জয় বলেছিলেন, ‘আমি তাঁকে জাদু কি ঝাপ্পি (জাদুকরী আলিঙ্গন) ও পাপ্পি (জাদুকরী চুমু) দিতে চাই।’ সঞ্জয়ের সেই বক্তব্য টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়।পরে মাউ এবং বারাবাঙ্কিতেও ‘মুন্নাভাই এমবিবিএস’ (২০০৩) ছবির জনপ্রিয় সংলাপ ‘জাদু কি ঝাপ্পি’ আওড়ালে সঞ্জয়ের ওপর দারুণ চটে যান মায়াবতী। এর পরিপ্রেক্ষিতে প্রতাপগড়, মাউ ও বারাবাঙ্কিতে পৃথক তিনটি মামলা দায়ের করা হয় সঞ্জয়ের বিরুদ্ধে। সম্প্রতি সেই মামলাগুলো তুলে নিয়েছে উত্তর প্রদেশ সরকার।