সঞ্জয়ের সাজার মেয়াদ কমছে!

তবে কি আইনের জাল ছিঁড়ে বের হতে চলেছেন অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের অভিনেতা সঞ্জয় দত্ত! সম্প্রতি তাঁর সাজার মেয়াদ কমানোর বিষয়ে মহারাষ্ট্র সরকারের মতামত জানতে চেয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৯৯৩ সালের মার্চে মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলার সঙ্গে সম্পৃক্ততা ও বাড়িতে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে সঞ্জয়কে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পরবর্তী সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও সহিংস ওই ঘটনায় ব্যবহূত অবৈধ অস্ত্র বাড়িতে রাখার দায়ে ২০ বছর আগের মামলায় চলতি বছরের ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত।
সম্প্রতি প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রধান বিচারক মারকান্ডে কাটজু ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে সঞ্জয়সহ ওই মামলার আরও দুই আসামির সাজার মেয়াদ কমানোর আবেদন জানান। আসামিদের মধ্যে ৭০ বছর বয়সী একজন বৃদ্ধাও আছেন। মানবিক কারণ দেখিয়ে তাঁদের সাজা কমানোর আবেদন করেন কাটজু। পরে রাষ্ট্রপতির কাছ থেকে সেই আবেদনপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সরকারের মতামত জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে পিটিআই।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, ‘সঞ্জয়ের সাজার মেয়াদ কমানোর বিষয়ে মহারাষ্ট্র সরকারের মতামত জানতে চেয়েছি আমরা। এ ছাড়া কারাগারে সঞ্জয়ের আচরণসহ আরও কিছু বিষয় সম্পর্কে কারাধ্যক্ষের মন্তব্য চাওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের সুপারিশ পেলে প্রয়োজনে বিষয়টি আবার রাষ্ট্রপতির সামনে উত্থাপন করা হবে।’
অস্ত্র মামলায় দণ্ড ঘোষণার পর গত ১৬ মে আদালতে আত্মসমর্পণ করেন ‘খলনায়ক’ তারকা সঞ্জয় দত্ত। প্রথমে তাঁকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে ছয় দিন বন্দী থাকার পর তাঁকে ইয়েরাওয়াড়া কারাগারে স্থানান্তর করা হয়। এই মামলায় আগে দেড় বছর সাজা খেটেছেন সঞ্জয়। এই হিসাবে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত তাঁকে ইয়েরাওয়াড়া কারাগারে বন্দী থাকতে হবে।
কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটির আবেদন করলে ১ অক্টোবর সঞ্জয়কে ১৪ দিনের ছুটি দেয় ইয়েরাওয়াড়া কারা কর্তৃপক্ষ। এভাবে কারাগার থেকে মুম্বাইয়ে নিজ বাসায় ফেরার সুযোগ পান বলিউডের অন্যতম প্রভাবশালী এ তারকা অভিনেতা।
চিকিত্সাপ্রক্রিয়া শেষ না হওয়ার কারণ দেখিয়ে পরে অতিরিক্ত দুই সপ্তাহের ছুটির আবেদন করেন সঞ্জয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে আরও ১৪ দিন ছুটি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করে ইয়েরাওয়াড়া কারা কর্তৃপক্ষ। কারাগার থেকে এভাবে ছুটি পাওয়ার অন্যতম প্রধান শর্ত হলো জেলের ভেতর ভালো আচরণ। কারাবন্দী জীবন থেকে সাময়িক মুক্তি পাওয়ার পর মুম্বাইয়ের পালি হিলের বাসায় পরিবারের সবার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন সঞ্জয়।