সড়ক দুর্ঘটনা এড়াতে সোচ্চার বিবার
মঙ্গলবার রাতের ঘটনা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইন্টারস্টেট ৪০৫ সড়ক দিয়ে ছুটে যাচ্ছে একটি সাদা ফেরারি গাড়ি। এক আলোকচিত্রী জানতেন, জাস্টিন বিবারের গাড়ি সেটি। তিনি ছুটলেন গাড়িটির পিছু পিছু। জানতেও পারেননি, মৃত্যু ওত পেতে ছিল রাস্তায়। নাম না-জানা সেই আলোকচিত্রীর এমন মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিবার নিজেই। গত বুধবার সংবাদমাধ্যমের কাছে বিবার বললেন, ‘অনাকাঙ্ক্ষিত ওই দুর্ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। সরাসরি জড়িতও নই ব্যাপারটিতে। তার পরও হতভাগা মানুষটির পরিবারের জন্য সমবেদনা।’ কেবল সমবেদনা জানিয়েই নিজের দায়িত্ব শেষ করেননি এই তারকা। এমন দুর্ঘটনা এড়ানোর জন্য এগিয়ে আসতে বললেন সংশ্লিষ্ট সবাইকে। তিনি বললেন, ‘দুর্ঘটনাটির কারণে আশা করি, যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ দুর্ঘটনার পর তারকা, পুলিশ কর্মকর্তা, সাধারণ জনগণ, আলোকচিত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ উল্লেখ্য, দুর্ঘটনার সময় বিবারের গাড়িটি চালাচ্ছিলেন তাঁর এক বন্ধু। পিপল।