সত্য রঙে বাংলাদেশকে নতুন করে আবিষ্কার
চোখের সামনে উত্তরবঙ্গের ফসলভরা গরুরগাড়ি কিংবা উত্তাল নদীতে পালতোলা নৌকা। গ্রামীণ জনপদের হাটবাজার, নদীনালা, গাছপালা, কাশফুল, হাওর-বাঁওড়, বাঁশঝাড়, পাহাড়—সব যেন মূর্ত হয়ে আছে। আছে পানাম নগরও। শিল্পী অলকেশ ঘোষ আর আবদুল মান্নান যা দেখেছেন, তারই অনুবাদ যেন ছবি হয়ে দৃশ্যমান। তাঁরা যেন রং ও রেখায় বৈচিত্র্যময় এক বাংলাদেশের সন্ধান দিলেন আমাদের। ষড়ঋতু এল শৈল্পিক আবেশে। এ যেন বাংলা নামের দেশটিকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা। দর্শকদের চোখ জুড়ালো, মনও। এই দুই গুণী শিল্পীর আঁকা শতাধিক চিত্রকর্ম নিয়ে শুরু হয়েছে এই যৌথ প্রদর্শনী, ‘ট্রু কালার—রিডিসকভারিং বাংলাদেশ’ শিরোনামে, র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে।
সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের প্রথম তলার প্রবেশপথের দুই পাশে গ্যালারিতে এই প্রদর্শনীটির উদ্বোধন করেন সেনা হোটেল ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (অব.)। এ সময় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল ঢাকার মহাব্যবস্থাপক ক্রিস্টোফ ভোগেলিও উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ঢাকা আর্ট সেন্টারের সহযোগিতায় র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এই ধরনের প্রদর্শনীর আয়োজন অব্যাহত রাখবে, তাতে স্থানীয় শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শন করার একটি নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি হবে।
গতকাল শুরু হওয়া প্রদর্শনীটি আগামী তিন মাস চলবে।