সত্যজিৎ রায়, আমার মানিকদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো একদিন দুপুরে হঠাৎ মানিকদার (সত্যজিৎ রায়ের ডাকনাম) বাড়িতে গেলাম। সোজা তাঁদের শোয়ার ঘরে। গিয়ে বললাম, ‘দাদা, মঙ্কুদিকে (সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়) নিয়ে একটা পোজ দাও তো। ছবি তুলব।’ দাদা খাটেই ছিলেন। মঙ্কুদিকে বললেন, ‘পোজ দাও। ও নাছোড়বান্দা, ছবি না তুলে যাবে না।’ বউদি ও দাদা খাটের ওপরেই পোজ দিলেন। আমি ক্যামেরা ক্লিক করলাম।

এমন অনেক হয়েছে, আমি হুটহাট করেই তাঁর বাসায় চলে যেতাম। আগে থেকে কোনো অনুমতি নিতে হতো না। অল্প সময়েই আমি মানিকদার পরিবারের খুব কাছে চলে যাই। হয়ে উঠি তাঁদেরই পরিবারের একজন। অথচ আমি যখন প্রথম তাঁর সঙ্গে দেখা করতে যাই, কোনো মাধ্যম খুঁজে পাচ্ছিলাম না। কলকাতায় এসে শুনলাম সত্যজিৎ রায় অহংকারী, দাম্ভিক ও রাশভারী মানুষ। বেশি কথা বলেন না, ছবি তুলতে দেন না। সত্যজিৎ রায় সম্পর্কে এমন উক্তি শুনলেও আমার মন কেবলই বলে, ‘মানবদরদি স্রষ্টা কি এত কঠোর হতে পারেন?’ আশা-নিরাশা নিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনের ডায়াল ঘোরাতেই ওপাশ থেকে ভেসে আসে অপূর্ব গম্ভীর কণ্ঠস্বর। মানিকদা সময় দিলেন দুদিন পরে।

কাঁপা কাঁপা বুকে দরজা ঠেলে ভেতরে এসে সালাম জানিয়ে বললাম, ‘আমি ঢাকার চিত্রালী পত্রিকার প্রতিনিধি।’ বসেন বলেই তিনি লেখার ভেতরে ঢুকে গেলেন। কয়েক মিনিট পর মুখ তুলে আমাকে স্থির দৃষ্টিতে দেখলেন। অত্যন্ত বিনয়ের সঙ্গে নম্রভাবে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘আমার সম্পর্কে আপনি কী জানতে চান?’ ১৯৫৫ সালে কলকাতায় পথের পাঁচালী তখন মুক্তি পেয়েছে। আমি সেটা বাদ দিয়ে কাঞ্চনজঙ্ঘার কথা জানতে চাই। তিনি তখন সদ্য দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার শুটিং করে ফিরেছেন। তিনি বলতে শুরু করলেন সেখানকার কাহিনি। এই তো আলাপের শুরু। ফেরার আগে আমি তাঁর ছবি তুলতে শুরু করি। ঘরের ভেতরে বলে ক্যামেরার ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ছবি তুলছি। এদিকে মঙ্কুদি দৌড়ে আসেন। ভাবেন, কোনো দুর্ঘটনা ঘটেছে। পরে আমাকে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে স্বস্তি ফিরে পেয়ে হেসে দিলেন। এভাবেই তাঁদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ফেরার সময় মঙ্কুদি আমাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে স্নেহভরে তাকিয়ে বলেন, আবার যেন আসি। এখান থেকেই মানিকদার বাড়ির দ্বার আমার জন্য খুলে যায়। আমি তাঁর তিনটি ছবির শুটিং দেখেছি। মহানগর, চারুলতা, কাপুরুষ ও মহাপুরুষ।

চারুলতার যখন শুটিং চলে, আমি অনেক ছবি তুলেছিলাম। নিচতলার শুটিং শেষে যখন দোতলায় ছবির শুটিং শুরু হয়, তখন আমি আর এক ব্রিটিশ চিত্রশিল্পী সেখানে যাওয়ার অনুমতি পাই। অনেক গর্বিত লাগত নিজেকে। মানিকদা আমাকে বেশ কয়েকটি চিঠি লিখেছিলেন।

দাদা ও বউদি আমাকে আমার ডাকনাম বাদল বলে ডাকতেন। একবার তো আমি একটা ছবি বানাব শুনে দাদা অনেক খুশি হয়েছিলেন। তাঁর আনন্দিত হওয়ার খবর তাঁর লেখা চিঠি থেকেই জানতে পারি। ১০-০২-১৯৭৩ তারিখের সেই চিঠিতে দাদা লিখেছিলেন, ‘বাদল, ছবি বানাবে জেনে খুশি হলাম। ছবির দুইটা জিনিস ভালো হওয়া চাই-ই চাই। এক হচ্ছে চিত্রনাট্য, আরেক হচ্ছে সম্পাদনা। এই দুই দিকে দৃষ্টি রাখবে আশা করি।’ দাদা মারা যাওয়ায় আর কোনো উৎসাহ পেলাম না ছবিটি বানানোর।

একবার দাদা পুরস্কার পেয়েছেন, শুনে তাঁকে বললাম, ‘দাদা, মিষ্টি খাওয়াতে হবে।’ দাদা বললেন, ‘ওটা তো আমার ডিপার্টমেন্ট না। মঙ্কুর কাছে যা।’ বউদিও আমাকে অনেক ভালোবাসতেন। বাসায় গেলে না খেয়ে আসতে দেবেন না।

দাদার প্রথম হার্ট অ্যাটাকের পর বাসায় দেখতে গেলাম। দাদা তখন শুয়ে বই পড়ছেন। আমাকে দেখে খুশি হলেন। সমুদ্র তাঁর ভীষণ পছন্দের ছিল। বলতেন, ‘এখানে এলে আমার নিজেকে একলা বা নিঃস্ব মনে হয় না।’ অস্কার পুরস্কার জেতার সময় দাদা হাসপাতালে। কলকাতার বেলভিউ নার্সিং হোমে অস্কার কমিটির দুজন সদস্য এসে মানিকদার হাতে পুরস্কার তুলে দেন। সাংবাদিকদের ভিড় কমলে আমি মানিকদার বাড়ি যাই। তাঁদের শোয়ার ঘরে ঢুকে দেখি শূন্য ঘর, বিছানার মাথার কাছে জ্বলজ্বল করছে সেই অস্কার পুরস্কার। মঙ্কুদির অনুমতি চাইলাম পুরস্কারের ছবি তোলার। ‘তোমার যেমন খুশি সেভাবে ছবি নাও’ বলে মঙ্কুদি ঘুমিয়ে পড়লেন। পুরস্কারটি হাতে নিয়ে আমার চোখের পাতা এমনিতেই ভিজে গেল। পুরস্কার হাতে মানিকদার ছবি তোলা হলো না। শুধু পুরস্কারের ছবিই তুললাম। মানিকদা ও বউদি আমাকে অনেক ভালোবাসতেন। বাংলাদেশ নিয়ে অনেক গল্প করতেন। তাঁর খুব ইচ্ছা ছিল বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে পদ্মা নদীর মাঝি নিয়ে সিনেমা বানাবেন। কিন্তু তার আগে বড্ড অসময়েই দাদা চলে গেলেন না-ফেরার দেশে।

অনুলিখিত