সত্যমেভ জয়তে নিয়ে ফিরছেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান
আমির খান

গত বছর সত্যমেভ জয়তে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয়েছিল ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খানের। অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে ভারতে বিদ্যমান নানা সামাজিক অসংগতি তুলে ধরে প্রশংসিত হন আমির। প্রথম মৌসুমের সাফল্যের পর এবার ‘সত্যমেভ জয়তে ২’ নিয়ে হাজির হচ্ছেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা। আগামী ২ মার্চ থেকে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।

গত বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত সত্যমেভ জয়তে অনুষ্ঠানটি প্রচারিত হয় ভারতের স্টার প্লাস টিভি চ্যানেলে। এবারও একই টিভি চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হবে। সপ্তাহের প্রতি রোববার এটি প্রচারিত হবে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে স্টার প্লাস চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এরই মধ্যে ‘সত্যমেভ জয়তে ২’ অনুষ্ঠানের প্রোমো প্রকাশিত হয়েছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে।

প্রসঙ্গত, কন্যাশিশুর ভ্রূণ হত্যা, শিশু যৌন হয়রানি, যৌতুক, গৃহ সন্ত্রাস, অ্যালকোহল আসক্তিসহ সংবেদনশীল নানা বিষয়বস্তু নিয়ে নির্মিত বিভিন্ন পর্ব প্রচারিত হওয়ার পর ‘সত্যমেভ জয়তে’ অনুষ্ঠানের প্রথম মৌসুম ব্যাপক আলোচিত হয়। সমাজের এসব ক্ষত তুলে ধরে দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হন আমির খান। অনুষ্ঠানটির কয়েকটি পর্ব টিআরপি রেটিঙে রেকর্ডও গড়েছিল।