
স্বাধীনতা-উত্তরকালে শিল্পের যে শাখাটি সবচেয়ে ভালো সোনার ফসল ফলিয়েছে, সেটি মঞ্চ নাটক। নাটক (থিয়েটার অর্থে) জীবনের কথা বলে, সমাজের কথা বলে, আমার কথা বলে, সবার কথা বলে। ভালো নাটক দর্শনে আমরা প্রাণ ভরে দম নিই। নাটক দর্শনে মানবের মঙ্গল হয়, কল্যাণ হয়। এত তড়িঘড়ি জীবনে নাটক দর্শনে আমরা একটু জিরিয়ে নিই। একটু ভাবার ফুসরত পাই। এই অবসরের ভেতর দিয়ে মনরেখায় আমরা জেগে উঠি অথবা পুনর্জন্ম লাভ করি।
এমনই এক অবসরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে নাট্যম রেপার্টরির প্রথম প্রযোজনা দমের মাদার নাটকটি দেখতে গিয়ে সত্যের দেখা মেলে মিথ্যার বিপরীত কোণে দাঁড়িয়ে। সত্য কি দেখা যায়, এমন প্রশ্ন অনেকে করতে পারেন। তাই বলে আমি তাঁর সঙ্গে বাজিতে যাব, এমন মিথ্যাবাদী বা বিশ্বাস ভঙ্গকারী আমি নই!
সত্য দেখেছি দমের মাদার দেখতে গিয়ে। নাটকটি লিখেছেন সাধনা আহমেদ এবং নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। ত্রিভুজে তিন নারী। একজন দমের মাদার (আখ্যানের প্রধান চরিত্র), আরেকজন নাট্যকার সাধনা আহমেদ, অন্যজন নাট্যনির্দেশক আইরিন পারভীন লোপা। তিন নারী মানব নদীর এক মোহনায় মিলে হয়েছে দমের মাদার। শিকড়ে টান লাগে। নাড়িতে লাগে টান। সেই নাড়ির টান প্রতিবাদী করে নারীকে। নারী যুগে যুগে গর্ভে ধারণ করেছে নরকে। সেই নর নারীকেই বারবার বন্দী করেছে ধর্ম দিয়ে। যুগে যুগে, কালে কালে ধর্মকেই নিয়ে চলেছে ব্যবসা। যে ধর্ম এল মানবকল্যাণের জন্য, সেই ধর্মই আবার বেড়ি পরাল নরকে-নারীকে।
গুটি কতক মানুষ ধর্মের অপব্যাখ্যা করে। মানুষ মুক্তি চাইল। কিন্তু নারী? সে কি মানুষ? তার মুক্তি মিলবে কীভাবে? ‘দমের মাদার’ বুঝিয়ে দিল নর-নারী নয়, দমের সাধনই সত্য সাধন। সেই সাধনেই মিলবে তাঁর দেখা। পরমের দেখা। যাঁকে দেখি না আমরা। অথচ তিনি আছেন। সবখানে। আমার পড়ার টেবিলে অথবা মানুষের ভিড়ে অথবা শূন্যতায়। তাঁর দেখা মেলে না। আবার মেলেও। খুঁজলে। তাই তো এত খোঁজ তাঁর।
আমাদের সংস্কৃতির সবচেয়ে সমৃদ্ধ আঙ্গিক ঐতিহ্যবাহী পালাগুলো। সেই পালাগুলোতে গীতিধর্মিতা থাকলেও অভিনয়মুখিতা সর্বখানে। এমন এক ঐতিহ্যবাহী নাট্যপালা মাদার পীরের আখ্যান। এই আখ্যানকেই ঘিরে নাট্যকার সাধনা আহমেদ স্বকাল ও স্বভূমিতে দাঁড়িয়ে সৃজন করেছেন দমের মাদার।
নাটকটি দেখে ভালো লাগল। এ নাটকে নাট্যকার অতি স্বহৃদয়চৈতন্যে জীবনের নিগূঢ় সত্যের অন্বেষণে নেমেছেন। আর আইরিন পারভীন লোপা সেই নিগূঢ় সত্যের দৃশ্যকাব্য রচনা করেছেন অদৃশ্য হাতে। হায় দম! ফুরাইলে নাই। দমহীন, সে তো শবের মিছিল! নিরন্তর শব্দহীনতা! দম নাই, সবই শূন্য! সেই শূন্যেরই কারবার যেন ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছে দমের মাদার নাটকে। দমে দমে পরমের নাম জিকিরই মুক্তির উপায়। তাতে আসুরিক পেশির বিনাশে জীবাত্মা আর পরমাত্মার মিলনেই শান্তি আসে পৃথিবীতে। দমের মাদার নাটক যেন তাই হয়ে ওঠে সত্যান্বেষণের মহাকাব্য।