
এখনো ফোনের স্ক্রিনে সব সময় বাবা হরি ওম ভাটিয়ার ছবিটা সাঁটা থাকে। স্ত্রী টুইঙ্কেল খান্নার একটা ছবিও নেই অক্ষয় কুমারের ফোনে। কিন্তু তাঁর বাবা সব সময় উপস্থিত। এমন কেন? প্রায় শিশুসুলভ জবাব অক্ষয়ের, ‘আমি দিনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই ফোনে ফোনে। তাই ফোনটায় বাবার ছবি রাখি সব সময়। মনে হয়, সিদ্ধান্ত সঠিক হোক কিংবা ভুল, বাবা সব সামলে নেবেন!’
২০০০ সালে ক্যানসারের কাছে হার মেনেছেন হরি ওম ভাটিয়া। তবে এখনও বাবার ওপর এতটা আস্থা অক্ষয় কুমারের। কেনই বা হবে না? ছেলেবেলায় যখন স্কুলে ভলিবল ম্যাচ থাকত, তখন আর কোনো ছেলের বাবা নন, অক্ষয়ের বাবা ঠিকই উপস্থিত থাকতেন মাঠে। শুধু কি উপস্থিত থাকতেন, ছেলে আর ছেলের সঙ্গের খেলোয়াড়দের জন্য খাবার-পানি সব নিয়ে যেতেন। জীবনের প্রতিটি ধাপে অক্ষয় কুমারের বাবা ছিলেন ছেলের পাশে। এ জন্যই আজকের এই তারকা সামান্য রাজীব ভাটিয়া (অক্ষয়ের আসল নাম) থেকে হয়ে উঠেছেন অক্ষয় কুমার।

কোনো ছেলে যদি তার বাবাকে এসে বলে, ‘আমি আর পড়ালেখা করব না। মার্শাল আর্ট শিখব।’ তখন ভাবতে পারেন অধিকাংশ বাবার প্রতিক্রিয়া কেমন হবে? অক্ষয়ের বাবা কিন্তু সেই অধিকাংশের তালিকায় পড়েননি। কলেজের গণ্ডিও পেরোতে পারেননি অক্ষয়। এর আগেই মার্শাল আর্টের টানে তিনি চলে যান ব্যাংককে। বাবার কাছে এসে অক্ষয় যখন তাঁর মার্শাল আর্টের প্রতি ভালোবাসার কথা বললেন, তখন রেগে না গিয়ে বরং ছেলেকে নিয়ে পরামর্শ করতে বসলেন হরি ওম ভাটিয়া। শেষমেশ দুজনে মিলে ঠিক করলেন ব্যাংককটাই সামর্থ্যের মধ্যে পড়ে। তাই তো কিছুটা বাবার আর্থিক সহায়তায় আর কিছুটা নিজের পরিশ্রমের আয়ে ব্যাংককে মার্শাল আর্ট শেখেন অক্ষয়।
মার্শাল আর্ট শেখার পাশাপাশি ব্যাংককে একটি গেস্ট হাউসে বাবুর্চি আর ওয়েটারের কাজও করেছেন এই রাজীব ভাটিয়া। ব্যাংককে তিন বছর, ঢাকায় ছয় মাস আর কলকাতার নিউ মার্কেটে দুই বছর এই কাজ করার পর, পেশায় পরিবর্তন আনেন তিনি। এরপর দিল্লিতে গিয়ে শুরু করেন গয়নার ব্যবসা। ৪০ হাজার রুপিতে গয়না কিনে, ২০ শতাংশ লাভে তা মুম্বাইয়ে এনে বিক্রি করতেন। সেখানেও বেশিদিন মন টেকেনি অক্ষয়ের। একসময় মনের টানে তিনি আবারও সেই মার্শাল আর্টেই ফেরত আসেন।

অক্ষয় কুমারের বয়স তখন ২২। মুম্বাইয়ে বাড়ি বাড়ি গিয়ে মার্শাল আর্ট শেখাতেন তিনি। মাসে আয় হতো পাঁচ হাজার রুপি। একদিন এক ছাত্রের কথায় একটি আসবাবের মডেল হিসেবে একটি ফটোশুট করেন। সেখান থেকে আয় হয় ২১ হাজার রুপি। তখনই এ বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন অক্ষয়। চার মাসের আয় এই তিন-চার দিনের ফটোশুট থেকে উঠে এল? এরপর মডেলিংয়ে ঝোঁক বাড়ে তাঁর। পুরোনো দিনের কথা মনে করে অক্ষয় বলেন, ‘এখনো মনে আছে, মডেলিংয়ের জন্য নিজের প্রথম পোর্টফোলিং বানাতে আমি ১৮ মাস বিনা বেতনে ফটোগ্রাফার জয়েশ শেঠের সহকারী হিসেবে কাজ করেছি। তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে দামি আলোকচিত্রী। তাঁর খরচ বহন করার সাধ্য ছিল না। তাই কাজ দিয়ে পুষিয়ে নিতে হয়েছিল।’
নিজের প্রথম ফটোশুট নিয়ে একটা মজার ঘটনাও রয়েছে অক্ষয়ের। মুম্বাইয়ের জুহু বিচের কাছে অক্ষয়ের বাড়িটা এখন যেখানে, সেখানেই নাকি তাঁর প্রথম ফটোশুটের কথা ছিল। কিন্তু সে সময়কার জমির মালিক জায়গাটির ধারেকাছেও ঘেঁষতে দেননি তাঁকে। তাই এই জায়গার ঠিক দেয়াল ঘেঁষে নিজের পোর্টফোলিওর জন্য ছবি তোলেন বলিউডের এই ‘খিলাড়ি’। তবে পোর্টফলিও তৈরি করার পরই কিন্তু বলিউডে তাঁর পথটা সুগম হয়নি; বরং নিজেকে চাপে-তাপে রেখে হীরার মতো করে তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এক্সট্রা ড্যান্সার হিসেবে গোবিন্দ আর জ্যাকিশ্রফের পেছনে নাচতে হয়েছে অনেক বছর। একটা সময় যখন সুযোগ পেয়েছেন বলিউডে, তখন টক্কর দিতে হয়েছে বলিউডের ‘খান’দের সঙ্গে। এখনো তারকাসুলভ বিষয়টি নিজের গায়ে জড়াতে পারেননি পাঞ্জাবের অমৃতসরে জন্ম নেওয়া এই অভিনেতা। তাই তো বলিউড পার্টি, পরকীয়ার গুজব কিংবা বেফাঁস মন্তব্য ছুঁতে পারে না তাঁকে। নিজেকে তো এখনো এ তারকা ‘ছা-পোষা শিল্পী’র তকমা দিয়েই খুশি।
টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া সাক্ষাৎকার অবলম্বনে
সূত্র: হিন্দুস্তান টাইমস, রেডিফ, জিনিউজ ও ডিএনএ ইন্ডিয়া