সত্যিই যদি এমন হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো দর্শকদের জন্য প্রবেশদ্বার উন্মুক্ত হয়নি। তাই বাইরে বসেই আড্ডায় মশগুল নাটক দেখতে আসা দর্শকেরা। আড্ডার বিষয়ও বাংলাদেশের নাটক। বাংলাদেশের মঞ্চনাটক নিয়ে তাঁরা অত্যন্ত আশাবাদী। তাঁদের মতে, এমন কিছুদিন পরপরই দেশ-বিদেশের দল নিয়ে নাট্যোৎসব হওয়া উচিত। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় থিয়েটার আরামবাগের নাট্যোৎসবে গতকাল রোববার সন্ধ্যার দৃশ্য এটি।কাল উৎসবে ছিল কলকাতার নাটকের দল ‘অন্যপেশা নাট্যনেশা’র নাটক। তারা মঞ্চস্থ করে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নাটকআব্বুলিশ। নাটকটির নির্দেশনা দিয়েছেন সমীর ব্যানার্জি।নাটকের কাহিনিটি এমন—সত্যপ্রিয় চৌধুরী একজন আইনজীবী। তাঁর মেয়ে প্রিয়া মিথ্যে কথা বলে বন্ধুকে নিয়ে নাচের স্কুলের অনুষ্ঠানে যায় এবং প্রায়ই ধরা পড়ে। বাসায় মিথ্যে বলায় মেয়েকে প্রচণ্ড বকেন সত্যপ্রিয়। এরপর প্রিয়া তাঁর জন্মদিনে খসে পড়া তারা (উল্কা) দেখে কামনা করেছিল বাড়িতে আর কেউ যেন কোনো দিন মিথ্যে কথা বলতে না পারে। শিক্ষকের কাছে সে শুনেছিল, খসে পড়া তারা দেখে কোনো কামনা করলে সেটি ফলে। এর পর থেকে আদালতে নিত্যদিন মিথ্যে বলে যাওয়া আইনজীবী সত্যপ্রিয় আর মিথ্যে বলতে পারেন না। বাড়িতে পড়ে যায় হুলস্থূল অবস্থা। সত্য আর মিথ্যের দোটানায় পড়ে যায় বাড়ির সব সদস্য, এমনকি বাড়িতে আসা অতিথিরাও। এভাবে এগিয়ে যায় কাহিনি।হাস্যরসের মধ্য দিয়ে কলকাতার এই নাটকের দলটি তুলে ধরেছে এমন এক প্রশ্ন—আসলে কে সত্যবাদী, কে মিথ্যেবাদী? আর দর্শকদের মনে হয়েছে, আহা! সত্যিই যদি এমন হতো, কোনো খসে পড়া তারা দেখে পূর্ণ হতো মানুষের মনোবাসনা।শামসুর রাহমান স্মারকগ্রন্থবাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ৮১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমী শামসুর রাহমান স্মারকগ্রন্থ প্রকাশ করেছে। গতকাল রোববার স্মারকগ্রন্থটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় একাডেমির সেমিনার কক্ষে। এতে আলোচনায় অংশ নেন অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর ও অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।সভাপতির ভাষণে কবীর চৌধুরী বলেন, বিশ্বসাহিত্যকে স্বদেশের সাহিত্যের সঙ্গে এক করে উপস্থাপন করেছেন কবি শামসুর রাহমান। তিনি একাধারে সমকালের কবি, প্রকৃতি ও প্রেমের কবি, দ্রোহের কবি, চিরকালের কবি। স্বাগত বক্তব্যে একাডেমীর মহাপরিচালক জানান, শামসুর রাহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলা একাডেমী প্রকাশিত শামসুর রাহমান স্মারকগ্রন্থের অধিকাংশই তরুণ লেখকদের নতুন লেখা।বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর বলেন, শামসুর রাহমান তাঁর কবিতার মাধ্যমে সবাইকে স্পর্শ করতে পেরেছিলেন। বিশ্বজিৎ ঘোষ বলেন, শামসুর রাহমান স্মারকগ্রন্থ প্রকাশ করে বাংলা একাডেমী একটি দায়মুক্তির কাজ করেছে। এতে তরুণ প্রজন্মের চোখে শামসুর রাহমানকে বোঝার ও তাঁর কর্মের মূল্যায়ন করার প্রয়াস সৃষ্টি হবে।লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার পেয়েছে ঊষালোকেঢাকা থেকে প্রকাশিত মোহাম্মদ শাকেরউল্লাহ সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ঊষালোকে ‘লিটলম্যাগ প্রাঙ্গণ পুরস্কার-২০০৯’ লাভ করেছে। কথাসাহিত্যিক আবু ইসহাকের উপন্যাসপদ্মার পলিদ্বীপ নিয়ে প্রকাশিত ঊষালোকের জুলাই-সেপ্টেম্বর-২০০৯ সংখ্যাটি গত বছরের শ্রেষ্ঠ লিটলম্যাগ হিসেবে বিবেচিত হওয়ায় ঢাকার ‘লিটলম্যাগ প্রাঙ্গণ’ এই পুরস্কার দেয়। আগামী নভেম্বরে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি হস্তান্তর করা হবে। পুরস্কার হিসেবে মানপত্র, ক্রেস্ট ও ১০ হাজার টাকা প্রদান করা হবে। ঊষালোকের সম্পাদক মোহাম্মদ শাকেরউল্লাহ জানান, ঊষালোকে ১৯৯০ সালে সুইডেনের গোথেনবার্গ থেকে ‘উত্তরাপথ’ পুরস্কার এবং ২০০৫ সালে পশ্চিমবঙ্গ থেকে ‘কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র’ পুরস্কারে ভূষিত হয়েছিল। ১৯৮২ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত প্রকাশিত হওয়ার পর ঊষালোকের প্রকাশনা বন্ধ হয়ে গেলেও পরবর্তী সময়ে ২০০১ সাল থেকে নব পর্যায়ে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রয়েছে।