সত্যিকারের কুলি হবেন বিদ্যা

কোনো বলিউডের ছবির চরিত্রে নয়, কিংবা বিদ্যার কোনো ছবির প্রচার কৌশলও নয় এটি। বলিউডের অভিনেত্রী বিদ্যা বালান বাস্তবেই কুলির কাজ করবেন। ভারতের রাজস্থানের বিভিন্ন স্থানে একদিনের জন্য কুলির কাজ করবেন তিনি। একটি টিভি শোর জন্য বিদ্যাকে কুলি হিসেবে এই কাজ করতে হবে।
‘মিশন সাপনে’ নামের এই টিভি শোর প্রতি পর্বে একজন তারকা সাধারণ কোনো শ্রমজীবী মানুষের জীবনযাপন করেন।
এর আগে এ অনুষ্ঠানে সালমান খানকে দেখা গেছে নরসুন্দর বা নাপিত হয়ে পুরোদিন মানুষের চুল ছাঁটতে। পরিচালক করণ জোহর হয়েছিলেন একজন আলোকচিত্রী, যিনি গেটওয়ে অব ইন্ডিয়ার আশপাশে ঘুরে ঘুরে মানুষের ছবি তুলে দেন। রণবীর কাপুর এই অনুষ্ঠানের জন্য মুম্বাই শহরে ফুটপাতে দাঁড়িয়ে বিক্রি করেছিলেন ‘বড়া পাউ’ নামে এক ধরনের খাবার। এবার সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে অভিনেত্রী বিদ্যা বালানের নামও।
সাধারণত এ অনুষ্ঠানে তারকারা কেমন এবং কোন পেশার শ্রমজীবীর জীবনযাপন করবেন তা তাঁরা নিজেরাই বাছাই করেন। বিদ্যার কাছে যখন এ অনুষ্ঠানের প্রস্তাব এসেছিল তখন থেকেই খোঁজ শুরু করেছিলেন এ অভিনেত্রী। সবশেষে তিনি জানিয়েছিলেন, ভারতের প্রথম নারী কুলি রাজস্থানের ‘মঞ্জু’র জীবন একদিনের জন্য যাপন করতে চান তিনি।
একদিনের জন্য কুলির কাজ করে বিদ্যা বালান যে টাকা আয় করবেন তার ১০০ গুণ বেশি টাকা দেওয়া হবে মঞ্জুকে। এর আগেও সালমান, করণ ও রণবীরের পর্ব গুলোতেও এমন করা হয়েছিল। বলিউড লাইফ।