
নবাব সিরাজউদ্দৌলা ছবিতে যখন অভিনয় করি, যখন ছবিটি মুক্তি পায়, যখন ছবিটি হলে দেখি; তখন সেই অর্থে কিছুই মাথায় ঢোকেনি। তখন শুধু নিজের অভিনয় আর অন্য সবার অভিনয় দেখলাম। কিন্তু ১৫ বছর পর ইচ্ছা হলো, ছবির ক্যাসেটটা আমি ঘরে এনে আবার দেখব। ক্যাসেট আমার কষ্ট করে আনতে হয়নি। শুনলাম বিটিভিতে নবাব সিরাজউদ্দৌলা ছবিটি দেখানো হবে। তারপর আমি ঘরের দরজা বন্ধ করে বালিশে হেলান দিয়ে ছবিটি দেখলাম। ছবির শেষ দৃশ্যে যখন আনোয়ার হোসেনকে মেরে ফেলা হলো, তখন মনের অজান্তেই আমি হাউমাউ করে কেঁদে ফেললাম। আমার কাছে মনে হয়েছে, আনোয়ার হোসেন সত্যিকারের নবাব ছিলেন। আর আনোয়ার হোসেনের মৃত্যুর মধ্য দিয়ে একজন নবাবকে শেষ করে দেওয়া হলো।
ছোটবেলা আনোয়ার হোসেনকে আমি চাচা ডাকতাম। তাঁর স্ত্রীও আমার বেশ পরিচিত। কাজী জহিরের বন্ধন ছবির শুটিংয়ে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা। তাঁকে আমি খালা বলে ডাকতাম। সম্পর্কটা আমাদের এখনো আছে।
আমরা নবাব সিরাজউদ্দৌলা নাটকটি করতে একবার ময়মনসিংহ গিয়েছিলাম। সেখানে ‘লুৎফা’ চরিত্রটি যিনি করবেন, তিনি শুধু আনোয়ার চাচার দিকে তাকাচ্ছেন। বিষয়টি আমার মোটেও পছন্দ হচ্ছিল না। একপর্যায়ে আমি আনোয়ার চাচাকে বললাম, আমি কিন্তু খালাকে (আনোয়ার হোসেনের স্ত্রী) বিষয়টি বলে দেব। তিনি মজা করে বললেন, ‘তুই তো একটা দারোগা। তোর জন্য তো আমি কিছুই করতে পারি না।’ নাটকের একপর্যায়ে আমার পোশাক পরিবর্তন করার সময় আসে। তখন সেখানে অনেক মেয়ে ছিল। নবাব সিরাজউদ্দৌলা নাটকের ঘষেটি বেগমও সেখানে ছিলেন। তিনি আমাকে বললেন, ‘এখন জামা পরিবর্তন কইরেন না। একটু দাঁড়ান।’ তখন ‘লুৎফা’ চরিত্রের মেয়েটিকে ডাকা হলো। ডেকে তাকে বাইরে বের করে দেওয়া হলো। তারপর আমাকে পোশাক পরিবর্তন করতে বললেন তিনি। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, কেন তাকে বের করে দেওয়া হলো? তিনি বলেন, ‘ও তো মেয়ে না, ও একটা ছেলে।’ বিষয়টি শুনে আমি তো অবাক হয়ে গেলাম। খুব মজাও পেলাম! যখন নাটকটি শেষ হলো, তখন আমি বিষয়টি আনোয়ার চাচাকে বললাম, সব শুনে তিনি হো হো করে হেসে উঠলেন।

আজ থেকে ২০ বছর আগের ঘটনা। আমি একটি মাইক্রোবাসে করে সকালবেলা গাজীপুর যাচ্ছিলাম। সঙ্গে ছিল আমার জা-এর মেয়ে। মিরপুরে শেওড়াপাড়ার কাছাকাছি যাওয়ার পর দেখলাম কয়েকজনকে সঙ্গে নিয়ে আনোয়ার চাচা হাঁটছেন। আমি তাঁকে দেখে গাড়ি থেকে নামলাম। তিনি আমাকে বললেন, ‘আমার তো ডায়াবেটিস ধরা পড়ছে, তাই হাঁটছি। এর মধ্যে সেখানে আরও লোকজন জড়ো হয়ে গেল। আমি তাঁকে জোর করে গাড়িতে ওঠালাম। যদিও তিনি উঠতে চাইছিলেন না। একটু দূরে নিয়ে তাঁকে নামিয়ে দিলাম। তিনি তখন আমাকে বললেন, ‘তুই আমাকে এখানে কেন নামিয়ে দিচ্ছিস?’ আমি বললাম, চাচা, আপনাকে বাংলাদেশের সবাই নবাব খেতাব দিয়েছে। আর আমি হচ্ছি আলেয়া। আমি আলেয়া হয়ে নবাবকে রাস্তায় সবার সামনে রেখে গাড়ি নিয়ে চলে যাব, তা কী করে হয়! দর্শকদের বোঝাতে চাইলাম যে আমি আপনাকে অনেক সম্মান করি। তিনি আমাকে আদর করে প্রায়ই একটি বকা দিতেন। যখন তাঁকে গাড়ি থেকে নামিয়ে দিলাম, ঠিক তখনো একই বকা দিলেন।
নবাব সিরাজউদ্দৌলা ছবিতে অভিনয় করার সময় একটি ঘটনা আমি কখনোই ভুলতে পারব না। এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। এফডিসিতে কারাগারের দৃশ্যে শুটিং করছি। নবাব সিরাজউদ্দৌলা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার পা শিকল দিয়ে বাঁধা। আমাকে জিজ্ঞেস করা হচ্ছে, নবাব কোথায়? আমি জানা সত্ত্বেও তা বলছি না। ওই দৃশ্যটার শুটিং করতে গিয়ে তিন দিন কোনো কিছু খেতে পারিনি। আমার কাছে মনে হয়েছে, নবাবকে আমি কিছু খাওয়াতে পারলাম না, তাহলে আমি খাব কীভাবে? আনোয়ার হোসেনকে আমি সম্মান করতাম, এখনো করি এবং যত দিন বেঁচে থাকব, তত দিন করব।