সত্যিকারের ভালোবাসার খোঁজে লিন্ডসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্যিকারের ভালোবাসা এখনো আসেনি অঘটনঘটনপটীয়সী হলিউডি অভিনেত্রী লিন্ডসে লোহানের জীবনে। তাই এবার ভালোবাসার খোঁজে নেমেছেন তিনি। সম্প্রতি ‘ডেইলি মিরর’কে লোহান তাঁর এ আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন। এলিজাবেথ টেলরের বিখ্যাত উক্তি ‘আই লাভ বিং ইন লাভ’ উদ্ধৃত করে লোহান তাঁর মনের মানুষের খোঁজ করার কথা জানিয়েছেন। বর্তমানে ‘লিজ অ্যান্ড ডিক’ নামে একটি ছোটপর্দার চলচ্চিত্রে অভিনয় করছেন লিন্ডসে লোহান। এখানে লিজের চরিত্রটি এলিজাবেথ টেলরকে নিয়ে। এলিজাবেথ ও তাঁর স্বামী রিচার্ড বার্টনের মধ্যকার সম্পর্ক, তাঁদের দুবার বিয়ের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। এলিজাবেথ টেলরের চরিত্রে অভিনয় করছেন লোহান। লোহান জানান, এলিজাবেথ যেভাবে সত্যিকারের ভালোবাসা নিয়ে থাকতে পছন্দ করতেন, তাঁরই পথ অনুসরণ করছেন তিনি। তাঁর মতে, প্রথম প্রেমে পড়ার অনুভূতির মতো ভালো কিছু আর হয় না। তাই সত্যিকারের সেই প্রেমের জন্য বসে আছেন তিনি।এর আগে ডমিনিক কুপার, সামান্থা রনসন, কলিন ফ্যারেল, জার্ড লেটোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন ২৬ বছর বয়সী লিন্ডসে লোহান। কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁর কুখ্যাতি জুটেছে ‘অঘটনঘটনপটীয়সী’ নারী হিসেবে। সম্প্রতি জেল ও পুনর্বাসনকেন্দ্রে কয়েক মাস কেটেছে তাঁর। তবে সত্যিকারের প্রেম আর অভিনয় দিয়ে আবারও কুখ্যাতি ঘুচিয়ে ফেলার আশা করছেন লিন্ডসে লোহান।লোহান বলেন, ‘আমার চারপাশের মানুষ যা বলে, আমি তা মানি। কিন্তু আমি যা, আমি তো তা-ই। কিছু জিনিস আমার একান্ত ব্যক্তিগত, কিন্তু তা সবার সামনে চলে আসে। আমি অভিনয় করতে ভালোবাসি। কিন্তু মানুষ আমাকে অভিনেত্রীর বদলে তারকা বলে মনে করে।’