সত্যিকারের ভিক্ষুক মনে করেছিল সবাই: মীর সাব্বির
কাল প্রচারিত হবে অভিনেতা মীর সাব্বির পরিচালিত প্রথম ধারাবাহিক নাটক ‘মকবুল’। নাটকটিতে একেবারে ভিন্ন সাজ-পোশাকে হাজির হয়েছেন অভিনেতা মীর সাব্বির নিজেই। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নাটকটি সম্পর্কে তিনি বলেন, ‘আমি আসলে চেয়েছি মকবুল চরিত্রটিকে মীর সাব্বির হিসেবে না দেখিয়ে মকবুল হিসেবেই দেখাতে। এ জন্য আমার আলাদা একটা প্রস্তুতিও ছিল। চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য আমি লন্ডন থেকে একটি নকল দাঁত সংগ্রহ করেছিলাম। তবে চরিত্রটিকে কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি, সেটা জানি না। চেষ্টা চালিয়ে যাচ্ছি মকবুলকে সব ধরনের দর্শকদের খুব কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’মকবুল নিয়ে আগ্রহী হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘শুটিংয়ের কারণেই হোক বা ঘুরে বেড়ানোর কারণেই হোক—সব সময় বিচিত্র ধরনের মানুষ পর্যবেক্ষণ করার চেষ্টা করি। পর্যবেক্ষণ করতে গিয়ে অনেকের মধ্যে সত্যি কথা সহজে বলতে পারার ক্ষমতা দেখেছি। এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি। মকবুল নামটি দিয়ে আমি সমাজের এ মানুষগুলোকে একটি প্রতীকী রূপ দিয়েছি।’একই সঙ্গে পরিচালনা ও অভিনয় প্রসঙ্গে সাব্বির বলেন, ‘এটা খুবই স্বাভাবিক যে এক মানুষের পক্ষে দুই-তিনটি কাজ এক সঙ্গে করা খুবই কঠিন। এ ক্ষেত্রে মনোসংযোগের জায়গাটা নষ্ট হওয়ার আশঙ্কাটা থেকে যায়। আমার ক্ষেত্রে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে, শুটিংয়ের আগে আমরা সব অভিনয়শিল্পী ও কলাকুশলী মিলে প্রি-প্রোডাকশনের কাজ করেছি অনেক বেশি। সেটা এখনো করছি। যাতে কাজ করার সময় কোনো সমস্যা না হয়।’ মকবুল নাটকটির প্রথম তিন পর্বের শুটিং করেছিলেন সাব্বিরের নিজ শহর বরগুনায়। সেখানে কাজ করতে গিয়েও সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন বলে জানালেন মীর সাব্বির।নাটকটিতে কাজ করতে গিয়ে কিছু মজার ঘটনাও ঘটেছে বলে জানালেন তিনি। এমনই একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘নাটকের একটি পর্বে আমাকে ফারুক আহমেদ ও নাজনীন চুমকির জন্য টাকা সংগ্রহ করতে দেখা যাবে। এ দৃশ্যটির শুটিং হয় আগারগাঁও আইডিবি ভবনের সামনে। ট্র্যাফিক সিগন্যালের সময় আমি ভিক্ষা করতে নেমে পড়ি। তখন অনেকেই আমাকে সত্যিকারের ভিক্ষুক ভেবেছিল। তবে একটা সময় সবাই জেনে ফেলে যে শুটিং হচ্ছে। তখন অনেকেই ইউনিটের লোকজনকে জিজ্ঞেস করে অভিনেতার নাম কী? যখন শুনেছে মীর সাব্বির তখন নাকি তারা বেশ আক্ষেপ করেছিল। বলেছিল লোকটা এত সুন্দর ছিল অথচ চেহারাটা যে নষ্ট হয়ে গেল? এ ঘটনাটা আমার কাছে মজাই লেগেছে।’নিজের পরিচালনার বাইরেও বর্তমানে মীর সাব্বির অভিনীত বেশ কটি টিভি নাটক প্রচারিত হচ্ছে। এর পাশাপাশি আরও কয়েকটি নাটকে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। এ নাটকগুলোর নির্মাতারা হচ্ছেন—অরণ্য আনোয়ার, রুলীন রহমান, গোলাম সোহরাব দোদুলের, আবদুল্লাহ রানা, সুমন আনোয়ার, চন্দন চৌধুরী, আহমেদ ইউসুফ সাবের ও ফজলুর রহমান। এ ছাড়া পয়লা বৈশাখ এবং ভালোবাসা দিবসের দুটি নাটকেও তিনি কাজ করছেন।এতকিছুর পরও একটি ব্যক্তিগত দুঃখের কথা জানালেন মীর সাব্বির। সম্প্রতি তাঁর বড় দুলাভাই মারা গেছেন। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বড় দুলাভাইয়ের জন্যই যে তাঁর ঢাকায় আসা ও অভিনেতা হওয়া—কথাটি বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে উঠলেন তিনি। বড় দুলাভাইয়ের মৃত্যুতে শোকাহত সাব্বির গত তিন দিন ধরে তাঁর সব শুটিংও স্থগিত রেখেছেন বলে জানালেন।