
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে গতকাল ছিল অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক চিত্র প্রদর্শনী। সেখানে পুরস্কার দেওয়া হয় প্রদর্শনীতে বিজয়ী শিক্ষার্থীদের।
চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেনের সভাপতিত্বে উদ্বোধক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আজকে যে পুরস্কার দেওয়া হবে এবং প্রদর্শনী হবে, এটা পাঠদানের একটি প্রক্রিয়ামাত্র। কিন্তু এর মাঝে যে শিক্ষা, যে তাৎপর্য, সেটি আমাদের অনুধাবন করা উচিত। আমরা যে বিষয়েই লেখা পড়া করি না কেন, আমাদের সত্যিকারের মূল লক্ষ্য হচ্ছে আমরা মানুষ হিসেবে নিজেকে রূপান্তর করব।’
অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদা জামান বলেন, কাজগুলো দেখে মনে হয়েছে ছাত্রছাত্রীরা এখন অনুশীলন ভালোভাবে করছে না। এই চার-পাঁচ বছরই বেশি বেশি চর্চা করতে হবে।
আরও বক্তব্য দেন অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনীর আহ্বায়ক এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষক আবদুস সাত্তার তৌফিক। উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের শিক্ষকেরা। প্রদর্শনীতে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের মোট ৬০ জন শিক্ষার্থীর ৭২টি শিল্পকর্ম স্থান পায়। তেলরং, জলরং, পেনসিল ও নিরীক্ষাধর্মী ক্যাটাগরিতে নয়জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এ বছর শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার কেউ পায়নি। বিচারকেরা শিল্পকর্ম যাচাই করে এই পুরস্কারের যোগ্য কোনো শিল্পকর্ম পাননি।
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান শেখ ফাইজুর রহমান, রেজাউল করিম, রাকিবুল আনোয়ার, তরিকুল ইসলাম, শাহানা মোস্তফা, সৈকত সরকার, সৌরভ ধর, নাজমুস সাকিম খান এবং ভুটানি ছাত্র উগেন তেসরিং দয়া। প্রদর্শনী চলবে ১৩ আগস্ট পর্যন্ত।