সত্যেন সেন গণসংগীত উৎসব
প্রাঙ্গণজুড়ে ছোট ছোট দলে ঘুরে বেড়াচ্ছেন সংগীতানুরাগীরা, কোনো কোনো দল আড্ডায় মেতেছেন। মঞ্চের সামনে বসে আছেন ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক। তাঁকে ঘিরে আছে ভক্ত-দর্শক-শ্রোতা আর গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠান শুরুর আগে গতকাল সোমবার বিকেলে এমন দৃশ্য ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে, সেখানে উদীচী আয়োজিত দুই দিনব্যাপী গণসংগীত উৎসবের সমাপনী অনুষ্ঠান।দ্বিতীয় দিনের কর্মসূচি সকাল দশটায় শুরু হয় গণসংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে। এতে সারা দেশর ৪৫ জন প্রতিযোগী অংশ নেয়। অনূর্ধ্ব ১৫ বছর ও ১৫ বছরের অধিক বয়সী প্রতিযোগীদের নিয়ে দুটি পৃথক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সাতটি বিভাগের গণসংগীতের সাতটি দল দলীয় প্রতিযোগিতায় অংশ নেয়। অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের মধ্যে প্রথম খুলনার দ্যুতি বিশ্বাস, দ্বিতীয় চাঁদপুরের তাহরিমা বিনতে ইয়াহিয়া এবং তৃতীয় হয়েছে ঢাকার সাদিয়া হাসান। ১৫ বছরের বেশি বয়সীদের প্রতিযোগিতায় প্রথম ঢাকার স্বর্ণময়ী মণ্ডল, ময়মনসিংহের নুসরাত ইমাম ও বরিশালের ইমরান হোসেন যৌথভাবে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ঢাকার এম এ মোমিন। দলীয় প্রতিযোগিতায় প্রথম দিনাজপুরের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, দ্বিতীয় চট্টগ্রামের উদীচী জেলা সংসদ এবং তৃতীয় হয়েছে মাগুরার উদীচী জেলা সংসদ।উদীচীর শিল্পীদের গাওয়া গানের অ্যালবাম ‘গণমানুষের গান’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হয় বিকেল সাড়ে পাঁচটায়। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট অভিনেত্রী শিমূল ইউসুফ। আরও উপস্থিত ছিলেন মৌসুমী ভৌমিক, শংকর সাঁওজাল, সুজেয় শ্যাম প্রমুখ।‘আরশির সামনে একা একা দাঁড়িয়ে যদি ভাবি কোটি মানুষের মুখ দেখব’ গানটি পরিবেশনার মধ্য দিয়ে গানের পালা শুরু করে উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীরা। এরপর ‘লাখো লাখো হাত ভেঙেছে আজকে’ ‘হে মহামানব, একবার এসো ফিরে’ এসব গান গেয়ে শোনান উদীচীর চট্টগ্রাম সংসদের শিল্পীরা। এ ছাড়া সংগীত পরিবেশন করেন মৌসুমী ভৌমিক এবং আরও অনেকে।