সত্যেন সেন গণসংগীত উৎসবে আসছেন প্রতুল মুখোপাধ্যায়
‘আমি বাংলায় গান গাই’ গানের প্রতুল মুখোপাধ্যায় প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের জন্মদিন স্মরণ করে আয়োজিত ‘সত্যেন সেন গণসংগীত উৎসব’-এ আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে।উদীচী দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ‘সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা’।উৎসব কমিটির আহ্বায়ক অমিত রঞ্জন দে জানান, প্রতুল মুখোপাধ্যায় এবারের উত্সবের প্রধান অতিথি। ২৭ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে দুই দিনের উৎসব উদ্বোধন করবেন প্রবীণ শিল্পী সুধীন দাশ। অমিত রঞ্জন দে বলেন, ‘২৮ মার্চ সত্যেন সেনের জন্মদিন। এ দিনটি স্মরণে উদীচী নিয়মিতভাবে সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আয়োজনটি হয়েছিল মহানগর নাট্যমঞ্চে। এবার একটু বড় পরিসরে তা করা হচ্ছে। এবারের উৎসবে প্রতুল মুখোপাধ্যায়কে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি সম্মতি দিয়েছেন। উৎসবে তিনি গানও করবেন। এছাড়া ২৯ মার্চ সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদীচী আয়োজন করেছে প্রতুল মুখোপাধ্যায়ের একক সংগীতানুষ্ঠান।’তিনি জানান, দেশের বিশিষ্ট গণসংগীতশিল্পী, ঢাকা ও ঢাকার বাইরের যে দলগুলো নিয়মিত গণসংগীত চর্চা করে, ২৭ ও ২৮ মার্চ বিকেলে তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণের উৎসব মঞ্চে গান করবেন। এ ছাড়া এখন বিভিন্ন জেলা ও বিভাগে জাতীয় গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৭ মার্চ সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীরাও উৎসবে গণসংগীত পরিবেশন করবেন।