সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবনে ছিল গণসংগীতের প্রতিযোগিতা। গতকাল শুক্রবার ছুটির দিন সকালে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ওই এলাকা ছিল মুখরিত। তারা এসেছে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে। কেউ এসেছে মায়ের হাত ধরে, কেউ বাবার, কারও কারও সঙ্গে ছিলেন দুজনই। বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী আয়োজন করেছে সত্যেন সেন গণসংগীত প্রতিযোগিতা। গতকাল ছিল ঢাকা বিভাগের প্রতিযোগিতা। সকালে গানের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ‘মুক্তিযুদ্ধসহ আমাদের সব আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা গণসংগীত। অথচ বর্তমানে আমাদের দেশে সংগীতের এ ধারাটি অবহেলিত। এ অবস্থা থেকে উত্তরণের প্রচেষ্টা হিসেবে তিন বছর ধরে উদীচী গণসংগীত প্রতিযোগিতার আয়োজন করছে।’ আলোচনায় অংশ নেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ, শিবানী ভট্টাচার্য, অমিত রঞ্জন দে প্রমুখ।একক ও দলীয় প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৩টি জেলার শতাধিক প্রতিযোগী অংশ নেয়। একক ছাড়াও ছিল দলীয় প্রতিযোগিতা। প্রতিযোগীরা ‘আমরা সত্যেন সেনের সৈনিক’, ‘মানুষ মানুষের জন্য’, ‘ভয় কী মরণে’ এসব গান পরিবেশন করে।দুপুরে ফল ঘোষণা করা হয়। ‘ক’ বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করে যথাক্রমে ইশরাত জাহান ও মনিফা মোস্তাফিজ। যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে সাদমান শাহরিয়ার ও সাদিয়া হাসান। ‘খ’ বিভাগে যৌথভাবে প্রথম স্থান অধিকার করে স্বর্ণময়ী মণ্ডল ও নুসরাত ইমাম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে এম এ মোমিন ও মো. শেখ রাসেল। দলীয় প্রতিযোগিতায় প্রথম উদীচী ঢাকা মহানগর সংসদ, দ্বিতীয় টাঙ্গাইলের সত্যেন সেন সংগীত বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করে গোপালগঞ্জের সুকান্ত সংগীত বিদ্যালয়।