সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও বর্ষা উৎসবের আয়োজন করল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। সকালে উৎসব শুরু হয় শিল্পী সেমন্তী মঞ্জরির মেঘমল্লার রাগ পরিবেশনের মধ্য দিয়ে। খুদে শিল্পীরা সমবেত কণ্ঠে ‘রিমি ঝিম্ রিমি ঝিম্ ঐ নামিল দেয়া’, ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’ দুটি গান শোনায়৷ এরপর শুরু হয় একক ও দলীয় গান, নাচ ও আবৃত্তির পরিবেশনা।
সংগঠনের সভাপতি হায়াৎ মামুদের সভাপতিত্বে মঞ্চে বর্ষা নিয়ে আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, গোলাম কুদ্দুছ, আহকাম উল্লাহ প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী। অনুষ্ঠানের পাশাপাশি খোলা প্রাঙ্গণে হতে থাকে বর্ষা নিয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উপস্থিত শিশু-কিশোরদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। বিকেলে চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজিত দ্বিতীয় পর্বে ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তি৷ শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।