সত্যেন সেন স্মরণে গণসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল উদীচীর গণসংগীত উত্সব উদ্বোধনীতে মঞ্চে পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশন করেন সমাগতরা ।  ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল উদীচীর গণসংগীত উত্সব উদ্বোধনীতে মঞ্চে পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশন করেন সমাগতরা । ছবি: প্রথম আলো

তপ্ত চৈত্রের শেষ বিকেলে সূর্যটা হেলে পড়েছে পশ্চিমে। তবে তখনো তেজ কমেনি সূর্যের। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সবুজ চত্বরে সূর্যের লাল আভা ঠিকরে পড়ছিল। মাঝখানে তৈরি মঞ্চের পেছনে নানা রকমের নকশা। বর্ণিল এ আয়োজন যাঁকে ঘিরে, তিনি সত্যেন সেন। তাঁর জন্মদিনকে উপলক্ষ করে গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর খোলা চত্বরে শুরু হয়েছে তিন দিনের সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা।
সাহিত্যিক, সাংবাদিক, কৃষকনেতা সত্যেন সেন তাঁর রাজনৈতিক প্রজ্ঞা থেকেই গণসংস্কৃতি চর্চার পথ বেছে নিয়েছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর মতো বিপ্লবী ও গণমানুষের সাংস্কৃতিক সংগঠন। উদীচীর প্রতিষ্ঠাতা, শিল্পী, সংগ্রামী সত্যেন সেনের জন্মদিন উপলক্ষে গতকাল বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে গণসংগীত উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পী কামরুদ্দিন আবসার। উদ্বোধনের আগে সকাল ১০টা থেকে শুরু হয় জাতীয় পর্যায়ের গণসংগীত প্রতিযোগিতা।
বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই উদীচী সংগীত বিভাগের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় সংগীত, তাঁদের সঙ্গে সুর মেলান অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক-শ্রোতারা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঢাক আর ঢোলের তালে উচ্ছল উদীচীর কর্মীরা নেচেগেয়ে মাঠ প্রদক্ষিণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিল্পী সায়ানের একক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। সায়ান একে একে পরিবেশন করেন ‘ও আল্লাহ তোমার কাছে কই’, ‘কী করেছে তোমার বাবা, কী করেছে স্বামী’সহ চারটি গান। এরপর উদীচীর সভাপতি কামাল লোহানীর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। এতে বক্তব্য দেন ভারতের পশ্চিমবঙ্গের লোকসংগীত গবেষক ও শিল্পী শুভেন্দু মাইতি, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি শংকর সাঁওজাল, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর প্রমুখ।