
ব্রিটিশবিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালনকারী অন্যতম ব্যক্তিত্ব সত্যেন সেন। সাংবাদিক, ঔপন্যাসিক, ঐতিহাসিক ও রাজনীতিবিদ সত্যেন সেনের জন্মবার্ষিকীকে উপলক্ষ করে দুটি অনুষ্ঠানের আয়োজন হলো রাজধানীতে। সত্যেন সেনের জন্ম ১৯০৭ সালের ২৮ মার্চ মুন্সিগঞ্জ জেলায়।
এ পর্যায়ে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের প্রথম দিন ২৭ মার্চ রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে কলকাতা থেকে আসা এসটিএম কালচারাল গ্রুপের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। দ্বিতীয় দিন গতকাল সোমবার সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও সত্যেন সেন সম্মাননা পদক প্রদান উপলক্ষে সন্ধ্যায় শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের সত্যেন সেন সম্মাননা পদক পেয়েছেন লেখক, প্রকাশক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হায়াৎ মামুদ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি গণসংগীতশিল্পী ফকির আলমগীর ও সংগঠনের সহসভাপতি এম ই চৌধুরী শামীম।
উদীচীর আনন্দ আয়োজন: সত্যেন সেনের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা এই সত্যেন সেন। দিনটি উপলক্ষে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদ। উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীদের দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন।
অবাক করল বিশেষ রোমিও-জুলিয়েট: মাত্র কয়েকটি আসন শূন্য ছিল। কোনো আইটেম গান না থাকলেও দ্বিতল মিলনায়তনের পুরোটাই পরিপূর্ণ। সাড়ে তিন শ বছর আগের পশ্চিমা রোমিও জুলিয়েট-এর ছায়া ও চরিত্রগুলোর উপস্থিতি থাকলেও এ ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে রোমিও-জুলিয়েট। কুশীলবেরা ছিলেন অনন্যসাধারণ। একঝাঁক বিশেষ প্রতিভাশালী প্রতিবন্ধী শিল্পীর অভিনয়ে ঢাকার মঞ্চে নতুন করে এল উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট।
গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই নাটকটি দেখানো হয়, আজও হবে আরেকটি প্রদর্শনী। নাটক শেষে ভিনদেশি নির্দেশক জেনি শেইলি ধন্যবাদ জানান শিল্পকলা একাডেমি, নাসির উদ্দীন ইউসুফ, ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারকে। তাঁর আবেগী অভিব্যক্তিতেই বোঝা গেল, তিনি ভীষণ আপ্লুত এই প্রযোজনায়। নাটক শেষে মঞ্চের সামনে ও পেছনের সব কলাকুশলীকে ডেকে নেওয়া হয়।