সত্যেন সেনের জন্মবার্ষিকীতে উদীচীর আনন্দ আয়োজন

নানা আনন্দ আয়োজনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১০৯তম জন্মবার্ষিকী উদ্যাপন করল উদীচী। দিনটি উপলক্ষে আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদ্যাপন অনুষ্ঠান আয়োজন করে ঐতিহ্যবাহী এ সাংস্কৃতিক সংগঠনটি।
সোমবার বিকেলে অনুষ্ঠানের শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এরপর শুরু হয় আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন উদীচী ঢাকা

মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ। আলোচনা পর্বে সত্যেন সেনের জীবন, রাজনৈতিক আদর্শ, সাহিত্যিক ও শিল্পী সত্ত্বাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী; উদীচীর সাবেক সভাপতি, অন্যতম প্রতিষ্ঠাতা ও সত্যেন সেনের ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোহাম্মদ ইদু, উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার। আলোচনা পর্বের পরে সত্যেন সেনকে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হয়।
আলোচনা পর্ব ও প্রদীপ প্রজ্বলনের পর শুরু হয় বিচিত্রানুষ্ঠান। এ পর্বের শুরুতে সত্যেন সেন রচিত গান এবং তাঁর জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে ‘স্মৃতিতে সত্যেন সেন’

শিরোনামের আলেখ্য অনুষ্ঠান পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা। এ ছাড়া, দলীয় ও একক সংগীত পরিবেশন করেন উদীচী মিরপুর শাখা সংসদের শিল্পীরা। দ্বৈত আবৃত্তি পরিবেশন করেন উদীচী কাফরুল শাখা সংসদের শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বেলায়েত হোসেন এবং আবৃত্তি বিভাগের শিল্পী সুমিত পাল। এ ছাড়া ‘নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগরের শিল্পীরা। উদীচীর প্রতিষ্ঠার সময়ে যারা নিয়মিতভাবে সংগীত দলের সঙ্গে যুক্ত ছিলেন এমন বেশ কয়েকজন প্রবীণ উদীচী কর্মী পরিবেশন করেন সমবেত সংগীত।