সনি সিক্স ও সনি ৮ নিষিদ্ধ

বাংলাদেশে সনি সিক্স ও সনি ৮ চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে৷ গত বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানানো হয়৷ জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আক্তারুজ্জামান তালুকদারের স্বাক্ষর করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সনি সিক্স ও সনি ৮ নামে কোনো বিদেশি টিভি চ্যানেলকে এ দেশে সম্প্রচারের অনুমোদন দেওয়া হয়নি৷ এই দুটি টিভি চ্যানেল কোনো কেব্ল অপারেটর সম্প্রচার করা হলে তার বিরুদ্ধে কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ এবং কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা ২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের খেলা বাংলাদেশে বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে৷
অনুমোদন না থাকলেও অনেক দিন যাবৎ সনি সিক্স ও সনি ৮ চ্যানেলের খেলা আর অনুষ্ঠান দেখেছে বাংলাদেশের দর্শকেরা৷ এবার বিশ্বকাপ ফুটবলের খেলা সরাসরি সম্প্রচার করছে ভারতের এই দুটি টিভি চ্যানেল৷
তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রচার) ও বাংলাদেশ টেলিভিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবুল হোসেন বলেন, বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভি ছাড়া অন্য কোনো দেশি বা বিদেশি চ্যানেল বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো সরাসরি সম্প্রচার করতে পারবে না৷ করলে দণ্ডনীয় অপরাধ হবে৷
আবুল হোসেন জানান, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ৩২টি খেলা সরাসরি সম্প্রচার করবে বিটিভি৷