সনির শুভেচ্ছাদূত মাইলস ও বাপ্পা

ভারতের সনি মিউজিকের সহযোগী সংস্থা সনি ডিজিটাল অডিও ডিস্ক করপোরেশনের (সনি ডিএডিসি) শুভেচ্ছাদূত করা হয়েছে বাংলাদেশের ব্যান্ড মাইলস এবং গায়ক ও সংগীতপরিচালক বাপ্পা মজুমদারকে।
সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সনি ডিএডিসি কর্তৃপক্ষ বাপ্পা মজুমদারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে। তাঁর হাতে শুভেচ্ছাদূত স্মারক তুলে দেওয়া হয়। স্টেজ শোর কারণে যুক্তরাষ্ট্রে থাকায়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাইলস স্কাইপের মাধ্যমে যোগ দেয়।
সনি ডিএডিসির বাংলাদেশের অফিশিয়াল বিপণন ও পরিবেশনা অংশীদার ক্রেইন্স লিমিটেড। তারা চালু করেছে আর্টিস্ট স্প্রেড প্ল্যাটফর্ম। এটি হলো বাংলাদেশি শিল্পীদের জন্য স্থানীয় ও বিশ্বব্যাপী সংগীত পরিবেশনার একটি প্ল্যাটফর্ম। এর সঙ্গেই যুক্ত হয়েছে জনপ্রিয় ব্যান্ড মাইলস ও বাপ্পা মজুমদার। খুব শিগগির নতুন প্রজন্মের আরেকজন গায়িকাকে শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত করা হবে বলে জানিয়েছে ক্রেইন্স লিমিটেড কর্তৃপক্ষ।
এ বিষয়ে বাপ্পা মজুমদার বলেন, ‘বাংলাদেশের গান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া যাবে সনি ডিএডিসির মাধ্যমে। এ রকম ভালো একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’

এদিকে আগামী অক্টোবরে প্রতিষ্ঠানটি প্রকাশ করবে বাপ্পার একক ইপি (তিন গানের অ্যালবাম)। এতে শাহান কবন্ধের লেখা তিনটি মৌলিক গানের পাশাপাশি একটি প্রচলিত লোকগান থাকবে। আগামী দুই বছর সনি ডিএডিসি থেকে বেশ কিছু গান প্রকাশিত হবে বাপ্পার।
সনি ডিএডিসির মাধ্যমে বাংলাদেশি শিল্পীরা তাঁদের গান পরিবেশনার জন্য ভারতের তিনটি ও বিশ্বের ২০০টি পরিবেশক প্ল্যাটফর্ম বেছে নিতে পারবেন। এর মধ্যে থাকবে অনলাইন, মোবাইল, ই-কমার্স, স্ট্রিমিং ও খুচরা বিক্রয় সেবা।