সনু নিগমকে হটিয়ে গায়ক সালমান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কিক’ ছবিতে সালমান ও জ্যাকুলিন
‘কিক’ ছবিতে সালমান ও জ্যাকুলিন

অভিনেতা সালমান খানকে না চেনার কোনো কারণ নেই। কিন্তু গায়ক সালমান খানকে কতজন চেনেন? অভিনেতা সালমান এবার তাঁর সংগীতপ্রতিভাও দেখালেন। ‘কিক’ ছবিতে সনু নিগমকে সরিয়ে তাঁর জায়গায় ‘হ্যাংওভার’ নামের একটি গানে নিজেই কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেতা। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। এবারের ঈদে মুক্তি পাচ্ছে সালমান-জ্যাকুলিন ফার্নান্দেজের ‘কিক’ ছবিটি।

সাজিদ নাদিদাওয়ালার ‘কিক’ ছবিতে শ্রেয়া ঘোষালের সঙ্গে সালমান হ্যাংওভার নামের একটি গান গাইছেন এই তথ্য যুক্তরাজ্যের ট্যাবলয়েড মিরর প্রকাশ করেছিল। ওই সময় গীতিকার মানমিত সিং বলেছিলেন, ‘আমরা এমন একজন শিল্পী খুঁজছিলাম, কিন্তু সম্পূর্ণ মিলে যায় এমন কাউকে পাচ্ছিলাম না। এসময় সালমান নিজেই এগিয়ে আসেন এবং গানটি গাওয়ার কথা বলেন।’
সম্প্রতি এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমানের গাওয়া গানটি গত বছরের ১৭ নভেম্বর সংগীতশিল্পী সনু নিগম ও শ্রেয়া ঘোষাল রেকর্ড করেছিলেন। পরে সনু নিগমের গাওয়া অংশটুকু সালমান ডাবিং করেছেন আর শ্রেয়ার অংশটুকু হুবহু রাখা হয়েছে।
ছবিটির প্রোডাকশনের এক সূত্র জানিয়েছে, ‘কিক’ ছবির হ্যাংওভার গানটি গাইতে সনুকে অনুরোধ করেন সাজিদ। এর আগেও সালমানের কয়েকটি ছবিতে সনু গান গেয়েছেন। তাই এই গানটি গাওয়ার জন্য পারিশ্রমিক নিয়ে কোনো আলোচনা করেননি তাঁরা। গান রেকর্ডিং হয়ে গেলে সাজিদ সনুকে একটি বার্তাও পাঠিয়েছিলেন, যাতে তিনি বলেছিলেন, গানটি তাঁর পছন্দ হয়েছে। অবশ্য পরে সনুকে বাদ দিয়ে সালমানকে দিয়ে গানটি আবারও রেকর্ড করা হয়েছে।
গান রেকর্ড করার বিষয়টি স্বীকার করে সনু বলেছেন, গত বছর গানটি রেকর্ড করেছিলাম। কিন্তু আমাকে ছেঁটে ফেলার বিষয়টি খবর পড়ে জানলাম। আমি শুনলাম যে সালমান গানটি গাইছেন। আমার গানটির জন্য কোনো পারিশ্রমিক পর্যন্ত দেওয়া হয়নি।’
সনু নাখোশ হলেও ছবির সঙ্গে সংশ্লিষ্টরা আশা করছেন, সালমানের তারকাখ্যাতি এই গানটির জন্য ভালোই কাজ করবে। সালমান-শ্রেয়ার গানটি ইউটিউবে প্রায় সাড়ে চার লাখ বার হিট হয়েছে। কেমন গেয়েছেন সালমান?
নিজেই শুনে নিন: