সন্তরণের যুগপূর্তির আয়োজন
কামনা চাকমা, প্রিয়াঙ্কা ত্রিপুরার মতো শিশুরা জীবনে কখনো ক্যামেরা হাতে নেয়নি। বান্দরবানের আলীকদমে সুবিধাবঞ্চিত এসব শিশু ক্যামেরা হাতে তুলেছে মানুষের মুখ, প্রকৃতি আরও কত কী। রং-তুলি নিয়ে শিখছে ছবি আঁকা। ‘সন্তরণ আর্ট অর্গানাইজেশন’ নামের একটি সংগঠন এখানে ‘কল্পপুরী’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। সেখানে ছবি তোলা চিত্রাঙ্কন শিখছে আদিবাসী শিশুরা। চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশীদ চৌধুরী আর্ট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে এই স্কুলে ১৬ শিশুর ছবি। সন্তরণ আর্ট অর্গানাইজেশনের ১২ বছর পূর্তি উৎসব উপলক্ষে গত শনিবার থেকে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে শুরু হয় পাঁচ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ও নানা অনুষ্ঠানমালা। এসব অনুষ্ঠানে রয়েছে প্রদর্শনী, মাল্টি ডিসিপ্লিনারি আর্ট ও চলচ্চিত্র প্রদর্শনী। তিনটি গ্যালারিতে চলছে এই প্রদর্শনী। মাল্টি ডিসিপ্লিনারি আর্ট প্রদর্শনীতে দেশের মোট ১৭ জন শিল্পী অংশ নিচ্ছেন। নিচতলায় ‘সাকসেসিভ অর্ডার অব আর্ট’ শিরোনামে অশোক কর্মকারের কাজটি দৃষ্টি কেড়েছে। নানা রংয়ের জেম ক্লিপ দিয়ে করা এই শিল্পকর্মটিতে আলোর ব্যবহার ছিল অসাধারণ। এ ছাড়া শিল্পী ঢালী আল মামুনের ‘জেনোসাইড’, মাহবুবুর রহমানের ‘টুইন্স’ নজর কাড়ছে আগত ব্যক্তিদের। এ ছাড়া ‘মুভি ইন আওয়ার লাইফ’ শিরোনামে সিনেমার ব্যানার প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন ১২ জন শিল্পী। সিনেমার ব্যানার আঁকার শিল্পী পাপ্পু ওস্তাদের কাছে তালিম নিয়ে শিল্পীরা তাঁদের নিজেদের মতো করে এঁকেছেন সিনেমার ব্যানার। শতাব্দী সোমের ‘রূপে আমার আগুন জ্বলে’, ‘অবলা এখন সবলা’ ব্যানারের এসব নাম দেখে বাংলা সিনেমার রমরমা যুগের কথা মনে পড়ে যাবে। ৯ মার্চ শেষ হবে সন্তরণের এই প্রদর্শনী।