সন্তানদের কণ্ঠে বাবার গান
মরমি কণ্ঠশিল্পী আবদুল আলীমের গান নিয়ে অ্যালবাম করেছেন তাঁর তিন সন্তান—জহির আলীম, জোহরা আলীম ও আসিয়া আলীম। নাম প্রাণ কোকিলা।জহির আলীম বললেন, ‘বাবার গাওয়া গানগুলো এখন হারিয়ে যাচ্ছে। বিচ্ছিন্নভাবে কেউ কেউ চর্চা করছেন। কিন্তু তা আবার সুর বিকৃতি করে গাওয়া হচ্ছে। বাবা প্রায় ৫০০ গান করেছিলেন। সেগুলো কিন্তু এ দেশের বড় সম্পদ। গানের মধ্য দিয়ে বাবার স্মৃতিকে ধরে রাখার জন্যই আমরা গানগুলো করেছি। আর গানগুলোর সঙ্গে বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে বাঁশি, দোতারা, বেহালা, তবলা। পাশ্চাত্যের কোনো বাদ্যযন্ত্র এখানে রাখা হয়নি।’আবদুল আলীমের গানগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে তাঁর পরিবারের পক্ষ থেকে। জহির আলীম বলেন, ‘পাকিস্তান রেডিও ও টিভিতে বাবার অনেক গান আছে। সেগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আনার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসেও বাবার অনেক গান আছে। বাবার এসব গান সংগ্রহ করে আমরা একটা আর্কাইভ করব।’এবারের অ্যালবামটি প্রকাশ করেছে সানফ্লাওয়ার মিউজিক।