সন্তানের অপেক্ষায় শাবনূর

জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনয়শিল্পী শাবনূরের অপেক্ষা এখন শুধু তাঁর অনাগত সন্তানের জন্য। মা-ভাই-বোনসহ সবাইকে তিনি এখন আছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেই অধীর আগ্রহে সন্তানের মুখ দেখার অপেক্ষা করছেন বলে জানিয়েছে জনপ্রিয় চলচ্চিত্র অভিনয়শিল্পীর পরিবার। চিকিত্সকের নির্দেশনা অনুযায়ী বন্ধ করে রেখেছেন সব কাজকর্মও।
সিডনী থেকে আজ সোমবার প্রথম আলো ডটকমকে শাবনূরের বোন ঝুমুর বলেন, ‘চিকিত্সক জানিয়েছেন ডিসেম্বরের শেষ সপ্তাহে শাবনূরের কোলজুড়ে সন্তান পৃথিবীতে আসবে। আর তাই মাস তিনেক আগে থেকে সব ধরনের শুটিং বন্ধ করে দিয়েছে শাবনূর। তা ছাড়া চিকিত্সকও তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। তাই সব ধরনের কাজকর্ম বাদ দিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে অনাগত সন্তানের অপেক্ষায় দিন গুনছে সে।’
এদিকে প্রথম আলো ডটকমকে শাবনূরের স্বামী অনীক বলেন, ‘ব্যবসায়িক কাজের কারণে আমি অস্ট্রেলিয়ায় যেতে পারিনি।তবে প্রতিনিয়ত শাবনূরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছি।সবার কাছে আমাদের অনাগত সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
জানা গেছে, ‘জানুয়ারির শেষ দিকে কিংবা ফেব্রুয়ারিতে শাবনূর দেশে ফিরবেন। আর তখন যদি শাবনূরের শারীরিক গঠন ঠিক থাকে, তাহলে গানের ‘এমনই তো প্রেম হয়’ ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন।
শাবনূর ছাড়াও ‘এমনই তো প্রেম হয়’ ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, ইমন ও ববিতা।
শাবনূরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এই ছবিতে আরও অভিনয় করেছেন মৌসুমী ও ফেরদৌস।