সন্তানের জন্য অভিনয় ছাড়ছেন মিলা

গত মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেছেন হলিউডের অভিনেত্রী মিলা কুনিস। এখন পর্যন্ত বহু ব্যবসাসফল ছবি উপহার দিলেও, মা হওয়ার পর অভিনয় পেশাকে বিদায় দেবেন বলেই সম্প্রতি জানিয়েছেন ৩০ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও জনপ্রিয় মুখ মিলা। আকর্ষণীয় চেহারা আর অনবদ্য অভিনয় উপহার দিয়ে তিনি জয় করেছেন অগণিত ভক্তের হূদয়। কিন্তু সম্প্রতি সন্তানের জন্য ছোট ও বড় পর্দার মায়া ত্যাগ করার ঘোষণা দিয়ে ভক্তদের এক অর্থে নিরাশই করলেন তিনি।
এ প্রসঙ্গে মিলার ভাষ্য, ‘আমি কখনোই পেশাদারি মনোভাব নিয়ে অভিনয় করিনি। বরাবরই শখের বশে অভিনয় করেছি। ধীরে ধীরে সেই শখই চমত্কার এক পেশায় পরিণত হয়েছে আমার জন্য।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক ডটকম।
মিলা আরও বলেন, ‘অনেকের কাছে অভিনয়টা খাবার গ্রহণ কিংবা শ্বাস-প্রশ্বাসের মতো একটি বিষয়। আমার ক্ষেত্রে তেমনটা নয়। আমি নিশ্চিত মেরিল স্ট্রিপের অভিনয় সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কিন্তু মা হওয়ার পর আমি পুরোটা সময় সন্তানের পেছনেই ব্যয় করতে চাই। পূর্ণাঙ্গ মাতৃত্ব উপভোগের চেয়ে আনন্দের আর কী হতে পারে!’
দুই বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন অ্যাস্টন কুচার ও মিলা কুনিস। বাগদানও সম্পন্ন হয়েছে হলিউডের এ তারকা জুটির। ‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন মিলা ও কুচার। ২০১২ সালের এপ্রিলে তাঁদের অভিসার শুরু হয়। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা বাগদান সম্পন্ন করেন। গত মে মাসে একটি টিভি অনুষ্ঠানে বাগদানের খবর নিশ্চিত করেন মিলা। প্রথম সন্তানের মা হতে চলেছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, দুই বছর প্রেম করার পর ২০০৫ সালে বয়সে ১৫ বছরের বড় হলিউডের অভিনেত্রী ডেমি মুরকে বিয়ে করেছিলেন অ্যাস্টন কুচার। পরবর্তী সময়ে চিলির এক তরুণীর সঙ্গে কুচারের প্রেমের খবর ফাঁস হওয়ার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ডেমি মুর। তিনি ২০১২ সালে কুচারের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। ২০১৩ সালের নভেম্বরে কাগজে-কলমে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
অন্যদিকে, ‘হোম অ্যালোন’ তারকা ম্যাকলে কালকিনের সঙ্গে মিলা কুনিস দীর্ঘ নয় বছরের প্রেমের ইতি টেনেছিলেন ২০১১ সালে। পরের বছরের এপ্রিলে ‘দ্যাট সেভেন্টিস শো’ টিভি সিরিজের সহ-অভিনেতা কুচারের সঙ্গে মিলার প্রেমের খবর চাউর হয়। ২০১৩ সালের মার্চে মিলার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন কুচার। শুধু তা-ই নয়, মিলার বাবা মার্কের সঙ্গে দেখা করে তাঁর মেয়েকে বিয়ে করার অনুমতি চান কুচার। দীর্ঘ সময় আলাপ-আলোচনার পর হবু শ্বশুরের কাছ থেকে আশীর্বাদও নেন কুচার।