সন্তানের জন্যই বড়দিনে এক হলেন হেইডি ও সিল
সন্তানদের বড়দিন যাতে খুশিতে কাটে, সে কথা ভেবেই এবারের বড়দিনের উত্সব একসঙ্গে উদযাপন করছেন হলিউডের সাবেক দম্পতি হেইডি কাম ও সিল। চলতি বছরের জানুয়ারি মাসে ছাড়াছাড়ি হয়ে গেছে ‘প্রজেক্ট রানওয়ে’খ্যাত হলিউডি তারকা হেইডি কাম ও গ্র্যামিজয়ী ব্রিটিশ গায়ক সিল হেনরি স্যামুয়েলের। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘নিউইয়র্ক পোস্ট’।হেইডি-সিল দম্পতির তিন সন্তান; এর মধ্যে হেনরির বয়স ছয়, জোহানের পাঁচ ও লোর বয়স দুই বছর। লেনি নামে হেইডির আগের পক্ষের সাত বছর বয়সী একটি মেয়েও রয়েছে। এ চার সন্তানের জন্যই এবারের বড়দিন একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন এই দুই তারকা।সাবেক এ দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সন্তানদের কথা ভেবে হেইডি কাম ও সিল পরস্পরকে সহযোগিতা করছেন। সন্তানদের দেখাশোনার জন্যও তাঁরা সম্মত হয়েছেন। সন্তানদের খোঁজখবর রাখতে নিয়মিত মুঠোফোনে আলাপ করেন তাঁরা।বড়দিনে একত্র হলেও দুজনের আবার ঘর বাঁধার কোনো পরিকল্পনা নেই। কারণ, এরই মধ্যে নতুন করে প্রেমে পড়েছেন হেইডি কাম। তাঁর প্রেমিক দেহরক্ষী মার্টিন ক্রিস্টেন। হেইডি জানিয়েছেন, ‘বাচ্চারা মার্টিনকে খুব পছন্দ করে। মার্টিনও বাচ্চাদের যথেষ্ট যত্ন করে। আমি সত্যিই তাঁর প্রেমে পড়েছি।’বড়দিনে সাবেক স্বামীর সঙ্গে কাটানো প্রসঙ্গে হেইডি জানিয়েছেন, ‘দিন শেষে নিজেকে সুখী দেখতে পাওয়াটাই বড় কথা। আমার দর্শন এটাই।’