সন্ত্রাসী তায়েব, মৌ গোয়েন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পিঞ্জর’ টেলিফিল্মের দৃশ্যে সাদিয়া ইসলাম মৌ ও ডি এ তায়েব (ডানে)
‘পিঞ্জর’ টেলিফিল্মের দৃশ্যে সাদিয়া ইসলাম মৌ ও ডি এ তায়েব (ডানে)

ঈদ উপলক্ষে সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘পিঞ্জর’। নাদিম মাহমুদের রচনা ও জি এম সৈকতের পরিচালনায় টেলিফিল্মটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ ও ডি এ তায়েব। এখানে সন্ত্রাসী চরিত্রে দেখা যাবে ডি এ তায়েবকে। আর একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন মৌ।

টেলিফিল্মটিতে নিজের চরিত্র সম্পর্কে ডি এ তায়েব বলেন, ‘এই টেলিফিল্মে আমি একজন সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করেছি। এখন পর্যন্ত অন্তত সাতটি নাটক ও একটি সিরিয়ালে এ ধরনের চরিত্রে অভিনয় করেছি আমি। আসলে এ ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আমি মানুষকে বোঝাতে চাই, কোনো সন্ত্রাসী আইনের বাইরে যেতে পারে না। সন্ত্রাসীরা এই পেশায় যুক্ত হওয়ার পক্ষে যেসব যুক্তি দেখায়, তা মোটেও ঠিক না। চাইলেই পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পারে তারা।’

ডি এ তায়েব আরও বলেন, ‘টেলিফিল্মটিতে কাজ করে অনেক ভালো লেগেছে। এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আশা করছি, টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’

‘পিঞ্জর’ টেলিফিল্মে মৌ এবং ডি এ তায়েব ছাড়া আরও অভিনয় করেছেন সানজিদা তন্ময়, মনির হোসেন, সৈয়দ শুভ্র, রহমত রুপুসহ আরও অনেকে। টেলিফিল্মটি ঈদে এটিএন বাংলা টিভি চ্যানেলে প্রচারিত হবে।