সন্দেহে আসিফের সঙ্গে থাকছেন না ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ ও ন্যান্সি
আসিফ ও ন্যান্সি

আসিফ ও ন্যান্সির প্রথম অ্যালবাম ছিল ‘ঝগড়ার গান’। কোরবানির ঈদে অ্যালবামটি প্রকাশিত হয়। এ অ্যালবামের ধারাবাহিকতায় নতুন বছরের ভালোবাসা দিবসে আরেকটি অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন তাঁরা। কাজকর্ম শুরু হলেও শেষ পর্যন্ত ভালোবাসা দিবসে অ্যালবামটি প্রকাশিত হচ্ছে না বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন ন্যান্সি।
ন্যান্সি বলেন, ‘আমি এরই মধ্যে আসিফ ভাইকে অ্যালবামটিতে কাজ করতে পারব না বলে জানিয়ে দিয়েছি। তাই ইচ্ছে থাকা সত্ত্বে ভালোবাসা দিবসে আসিফ ভাইয়ের সঙ্গে “সন্দেহ” অ্যালবামটিতে কাজ করা হচ্ছে না। আর এ কারণে নিজের মধ্যে একটা দুঃখবোধও তৈরি হচ্ছে।’
অ্যালবামে কাজ করতে না পারার কারণ হিসেবে ন্যান্সি জানিয়েছেন, ‘গত এক মাস ধরে দেশের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে কোনো ধরনের কাজই করা সম্ভব হয়ে উঠছে না। তা ছাড়া আমি এখন বেশির ভাগ সময় ময়মনসিংহেই থাকি। ঢাকায় আসি কয়েকটি কাজ নিয়ে। কিন্তু গত এক মাস ঢাকায় আসার পরিস্থিতিও নেই। এদিকে আমি আবার মাও হতে যাচ্ছি। সময়ও খুব কাছাকাছি চলে এসেছে। চিকিত্সক আমার বিশ্রামের প্রতি বিশেষ জোর দিয়েছেন। সবকিছু মিলিয়ে এ অবস্থায় অ্যালবামের কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আসিফ ভাই চেয়েছিলেন অ্যালবামটি ভালোবাসা দিবসে শ্রোতাদের হাতে তুলে দিতে। সবকিছু মিলে যা দেখছি তাতে মনে হচ্ছে না এর মধ্যে অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিতে পারব। তাই আসিফ ভাইকে নিজে থেকেই জানিয়ে দিয়েছি যে অ্যালবামটিতে আমার কাজ করার সম্ভব না।’

ন্যান্সি এও জানান, আপাতত সব ধরনের গানের অনুষ্ঠান এবং রেকর্ডিং থেকে নিজেকে দূরে রাখছি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো মার্চ থেকে আবার গানে ফিরতে পারব বলে আশা রাখছি।

এদিকে ‘সন্দেহ’ অ্যালবামটি প্রসঙ্গে আসিফের মতামত জানার জন্য মুঠোফোনে চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়।