সন্ধি ওর খাবারের গুপ্তধন বের করতে লাগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি। ছবি: জাহীদ রেজা নূর
সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি। ছবি: জাহীদ রেজা নূর

স্টকহোম বিশ্ববিদ্যালয়ের আউরা মাগনায় রসায়নে নোবেল পাওয়া বিজ্ঞানীদের বক্তৃতার পর ছিল দুপুরের খাবারের বিরতি। খাবারের আয়োজন এখানে নেই। যে যার মতো খেয়ে এসে আবার বসতে হবে অর্থনীতির বক্তৃতা শুনতে।

আরিফিন সন্ধি আগেই বলে রেখেছিল, আজ বাড়ির খাবার নিয়ে আসবে। ৪ ডিসেম্বর থেকে আমি খাচ্ছি মূলত ম্যাকডোনাল্ডস, চেখে দেখছি টার্কিশ খাবার। বিশ্ববিদ্যালয়েই সুইডিশ খাবার খাওয়ার সুযোগ হয়েছিল। তবে ওই যে, বাঙালির একটা অভ্যাস! একটু ভাত না খেলে ভালো লাগে না।
সন্ধিদের বিশাল অফিসের নিচতলায় কর্মকর্তাদের খাওয়ার ঘর। সেটা ক্যানটিনের মতোই। বিশাল সে ঘরের দুদিকেই অনেক ওভেন, অনেক খাবার রাখার আলমারি। যে যার বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে গরম করে খায়। আর আছে গরম কফির ব্যবস্থা। আট-দশ রকম কফির নাম লেখা আছে, যার যেটা মনে হয়, সেটায় আলতো ছোঁয়া দিলেই নেমে আসে সে কফি।
সন্ধি ওর খাবারের গুপ্তধন বের করতে লাগল। কপি ভাজি, বুটের ডাল, ভাত আর গরুর মাংস। শুরুতেই পরাজয় স্বীকার করে নেয় ও, ‘আমি কিন্তু রান্না করিনি। সব করেছে শম্পা।’
শম্পা সন্ধির স্ত্রী। সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করে এখন এখানে ডাক্তারি করছে। চিকিৎসকদের জীবন কেমন হয়, তা আমার কাছে দেখে জানা। সে হ্যাঁপা মাথায় নিয়ে আমার জন্য রান্না করেছে, তাতে আমি কিছুটা বিব্রত হলাম। কিন্তু উড়িয়ে দিল সন্ধি, ‘দেশ থেকে এক বড় ভাই এসেছে, তাকে একটু আপ্যায়ন করবে, তাতে ওর খারাপ লাগবে কেন? বরং শম্পা জানতে চেয়েছিল, আরও ঝাল দেবে কি না।’
সন্ধি ওর স্বভাবসুলভ চপলতায় কথা বলতে থাকে। তারপর আক্ষেপ করে বলে, ‘ইস! যদি বাড়িতে নিয়ে খাওয়াতে পারতাম! এখানে তো চামচ দিয়ে খেতে হবে। বাঙালি খাবার কি চামচ দিয়ে খাওয়া যায়? আমি শম্পাকে বলি, ভালো কিছু রান্না করলে ওটা আমার অফিসে দেবে না। বাড়ি এসেই খাব। চামচ দিয়ে সে খাবারের মজা নষ্ট করতে চাই না।’
বললাম, ‘শম্পাকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা পৌঁছে দিও।’
যে ব্যস্ত শহর, যে ব্যস্ততা সবার, তাতে শান্তভাবে কারও সঙ্গে কিছু সময় কাটানো খুবই কঠিন। তারপরও বিদেশে এসে যখন কারও সঙ্গে দেখা হয়ে যায়, খুব ভালো লাগে।
তাসলিমা মুন আপাও আমাকে খুঁজছেন। অনবরত ফেসবুকে বকা দিচ্ছেন। শেষে বলেছেন, ১১ ডিসেম্বর হোটেল থেকে ধরে নিয়ে যাবেন আমাকে। আমি অবশ্য সেদিন মিউজিয়ামগুলো দেখতে বের হব। যদি সঙ্গী জুটে যায়, ক্ষতি কী?
পুরস্কার
এসেছি নোবেল পুরস্কার নিয়ে লিখতে। অথচ অনুষ্ঠানের দিন কী কী হবে, সে বিষয়ে কিছুই তো বললাম না। একনজরে তাহলে দেখে আসা যাক কী থাকছে ১০ ডিসেম্বরে।
১০ ডিসেম্বর নোবেল পুরস্কার ও ব্যাংকুয়েটের আসর বসবে এখানে। এই দিনেই আলফ্রেড নোবেল মারা গিয়েছিলেন। এ কথা এখন উৎসুক মানুষ জানে, পদার্থবিদ্যা, রসায়ন, মনোবিজ্ঞান ও চিকিৎসা এবং সাহিত্যের নোবেল দেওয়া হয় সুইডেনের স্টকহোমে। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় নরওয়ের অসলোয়।
১৯৬৯ সাল থেকে আরেকটি পুরস্কার যোগ হয়। এটিকে বলা হয় ‘সভেরিগেজ রিকসব্যাংক প্রাইজ ইন ইকোনমি সায়েন্সেস ইন মেমরি অব আলফ্রেড নোবেল’। রিকসব্যাংকের ৩০০ বছর পূর্তি উপলক্ষে পুরস্কারটির প্রচলন ঘটে।

বিদেশে দেশি খাবারের মজাই আলাদা। ছবি: জাহীদ রেজা নূর
বিদেশে দেশি খাবারের মজাই আলাদা। ছবি: জাহীদ রেজা নূর

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ১৯২৬ সাল থেকে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়াই স্টকহোমের কনসার্ট হলে হয়ে আসছে। অসলোতে ১৯৪৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত অসলো বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে হয়েছে। ১৯৯০ সালে তা চলে আসে অসলো সিটি হলে।
নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নোবেল বিজয়ীরা বক্তৃতা করেন। এরপর সুইডেনের রাজার হাত থেকে তাঁরা একটি ডিপ্লোমা ও মেডেল গ্রহণ করেন। পুরস্কার দেওয়া হয়ে গেলে স্টকহোম সিটি হলে হয় ব্যাংকুয়েট। তাতে অংশ নেন পূর্বনির্ধারিত ১৩০০ মানুষ, যাঁদের মধ্যে ২৫০ জন থাকেন শিক্ষার্থী। এর আয়োজক নোবেল ফাউন্ডেশন। সুইডিশ রাজপরিবারের সদস্যরা এই দুটি অনুষ্ঠানেরই আমন্ত্রিত অতিথি। সুইডিশ সরকার ও সংসদ সদস্যদের প্রতিনিধিরাও এখানে আমন্ত্রিত হন। বিদেশি অতিথিদের মধ্যে বিজ্ঞান ও সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষেরাই আমন্ত্রিতদের তালিকায় থাকেন।
অসলোতে শান্তি পুরস্কার হাতে তুলে দেন নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান। সে অনুষ্ঠানে উপস্থিত থাকেন নরওয়ের রাজা ও রানি। সরকারের প্রতিনিধি ও আমন্ত্রিত লোকজনেরা থাকেন। নরওয়েজিয়ান নোবেল কমিটির আয়োজনে এরপর থাকে ব্যাংকুয়েট আর তা আমন্ত্রিত অতিথিদের জন্যই।
হঠাৎ বৃষ্টি
সন্ধ্যাবেলায় খেতে বের হওয়ার সময় হঠাৎ বৃষ্টি। ঝিরিঝিরি বৃষ্টি। পাল্টে গেছে শহরের চেহারা। মানুষের সংখ্যা গেছে কমে। গাড়ির সংখ্যাও মনে হলো কম। এ সময় কি সুইডিশরা খিচুড়ি ইলিশ খাওয়ার কথা ভাবছে?
স্কানসতুল মেট্রো স্টেশনে দেখি ভিক্ষার হাত বাড়িয়ে রয়েছে এক মহিলা। খারাপ লাগে। ১০ ক্রোনার বের করে দিই। জিজ্ঞেস করি, ‘কোন দেশে থেকে এসেছেন?’
একটা কথাও বোঝেন না তিনি। তখন আবার চেষ্টা করি, ‘আমি-বাংলাদেশ থেকে। এটা সুইডেন। আপনি?’
নির্দিষ্ট কিছু নাম আর ইশারার ভাষা কাজে দেয়। রঙিন বেশভূষায় জিপসির মতো দেখতে মহিলা হেসে বলেন, ‘রোমানিয়া।’
‘ভিক্ষা করেন কেন?’
এবারও কিছু বোঝেন না তিনি। টাকা পেয়ে গেছেন, এখন কেন আমার সঙ্গে কথা বলবেন?
মেট্রো থেকে নেমে বাসস্ট্যান্ডে দাঁড়াতেই দেখি, এক কোণে অনেকগুলো রুটি, প্যাটিস ধরনের খাবার নিয়ে বসেছেন চার-পাঁচজন। জিপসির মতোই দেখতে। এদের একজন সর্দারও আছে। খাবারের সঙ্গে আছে ঝাঁজালো পানীয়। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে উচ্চস্বরে কথা বলছে আর খাচ্ছে।
কে যেন বলেছিল, রোমানিয়ার বিপর্যয় অনেককেই বাস্তুচ্যুত করেছে। তাদের অনেকেই আশ্রয় নিয়েছে সুইডেনে, কিন্তু ঠিকমতো কাজ করে না। ভিক্ষাবৃত্তিই তাদের কাছে সহজ। কথাটা সত্য কি না, জানতে হবে।