সন্ধ্যাটা ছিল কত্থকে হারাবার

‘কাজল আপা, মুনমুন একটু আসো, মঙ্গলদীপটা জ্বালিয়ে যাও।’ একে একে সাদী মহম্মদ, জিনাত বরকত উল্লাহকেও মঞ্চে আহ্বান করলেন নন্দিত নৃত্যশিল্পী শিবলী মহম্মদ। মঞ্চের এক পাশে পণ্ডিত বিরজু মহারাজের ছবি। অনুষ্ঠানটি তাঁকে উৎসর্গ করা হয়েছে। ছবির সামনে রাখা মঙ্গলদীপগুলো একে একে জ্বলে উঠল। নৃত্যশিল্পী শামীম আরা নীপাও প্রদীপে আগুন ছুঁয়ে দিলেন।
ভারতীয় শাস্ত্রীয় প্রধান চারটি নাচের একটি কত্থক। এই নাচকে মোগল রাজসভার বাইরে এনে একে ধ্রুপদি নৃত্যের মর্যাদা দিয়েছেন নৃত্যগুরু পণ্ডিত বিরজু মহারাজ। নাচের অনুষ্ঠানটি শুরু হয়েছিল গুরুবন্দনা দিয়ে। সেই বন্দনাগীতিটি তাঁরই গাওয়া। নৃত্যাঞ্চলের শিক্ষার্থী ও প্রশিক্ষক—সমন্বিত একঝাঁক শিল্পী নেচে নেচে গুরুকে প্রণাম জানান।
গত সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই কত্থকসন্ধ্যার আয়োজন করেছিল নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চল। এর আগে ২১ থেকে ২৮ জুন ছিল প্রতিষ্ঠানটির একটি কত্থক কর্মশালা। তাতে প্রশিক্ষণ দেন ভারতের প্রখ্যাত কত্থক নৃত্যশিল্পী মালতী শ্যাম। কর্মশালায় শেখা কত্থক নাচের আঙ্গিকগুলো দর্শকদের দেখান উদীয়মান শিল্পীরা। সাদী মহম্মদের কণ্ঠে ‘আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী’ রবীন্দ্রসংগীতের সঙ্গে একক নাচ পরিবেশন করেন মালতী শ্যাম। এরপর গুরু বিরজু মহারাজের কণ্ঠে বাজানো ভজনের সঙ্গে একটি, নিজের কম্পোজিশনে আরও একটি নাচ করেন তিনি। মীরার ভজনের সঙ্গে নাচ পরিবেশন করেন নৃত্যাঞ্চলের প্রশিক্ষক স্নাতা শাহরিন। তরুণ প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় তারানায় ডুবে যান দর্শকেরা। থেকে থেকে তবলার বোলের সঙ্গে তুড়ি দিচ্ছিলেন কেউ কেউ। দর্শকদের করতালিতে মুখরিত হয়েছিল সন্ধ্যার মিলনায়তন। শিক্ষার্থীদের সঙ্গে একটি পায়ের কাজেও অংশ নেন প্রশিক্ষক মালতী শ্যাম।
কত্থক দেখতে আসা দর্শকের সংখ্যা দেখে মালতী শ্যাম অভিভূত হন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের কত্থক নাচ একসময় বিশ্বজোড়া প্রশংসিত হবে।
অনুষ্ঠানের শুরুতে কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদ তুলে দেন কাজল ইব্রাহীম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৃত্যাঞ্চলের সমন্বয়কারী মুহাম্মদ জাহাঙ্গীর।