
এক মঞ্চে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ এবং শামসুর রাহমান। বড় আয়োজন। কিন্তু দর্শকসমাগম শুরুতে ছিল একেবারেই কম। কম উপস্থিতি নিয়েই চলতে থাকল একের পর এক কবিতা পরিবেশনা। এর মধ্যে বৃষ্টিও শুরু হলো বাইরে। বাইরে বৃষ্টি, ভেতরে কবিতা। দর্শকও বাড়ল ধীরে ধীরে। জমে উঠল অনুষ্ঠান।
রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় স্বরচিত্র আবৃত্তিচর্চা ও বিকাশ কেন্দ্র রবীন্দ্র-নজরুল-জীবনানন্দ-শামসুর রাহমান স্মরণে স্বরচিত্র এবং দেশবরেণ্য আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি অনুষ্ঠানটি উৎসর্গ করেছে বঙ্গবন্ধুকে।
অনুষ্ঠানের শুরুতে মাহিদুল ইসলামের গ্রন্থনা ও নির্দেশনায় ‘তোমারই পদধ্বনি’ বৃন্দ পরিবেশনা করেন স্বরচিত্রের শিল্পীরা। এর মাঝে বাইরে বৃষ্টি শুরু হয়। বাইরে এদিক-ওদিক ঘুরতে থাকা অনেকেই ভেতরে ঢুকে পড়েন। মিলনায়তনের বাইরে একাধিক জায়গায় নোটিশ টাঙানো ছিল ‘অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত’। ভেতরে লোকসমাগম বাড়তে থাকে। বৃন্দ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজনটি একক আবৃত্তির মধ্য দিয়ে জমে ওঠে।
অনুষ্ঠানে আবৃত্তি করেন ফারহানা মিষ্টি, আহসান হাবীব, শাপলা সপর্জিতা, মুস্তাফিজ তানবীর, সুস্মিতা সাহা, নাজমুন নাহার, আবদুল হালিম, সাদমান আলিফ, শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন আশরাফুল আলম, ইকবাল খোরশেদ, রফিকুল ইসলাম প্রমুখ।