সন্ধ্যায় তাঁরা দুজন
গত বৃহস্পতিবার, সন্ধ্যা সাড়ে সাতটা। ভারতের কলকাতার গ্র্যান্ড ওবেরয় হোটেলের বলরুম। কিছুক্ষণের মধ্যে শুরু হবে ‘৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাংলাদেশের রুনা লায়লাকে দেওয়া হবে আজীবন সম্মাননা।নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান সন্ধ্যা মুখোপাধ্যায়। আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় শেষে নিজের জন্য নির্ধারিত স্থানে গিয়ে বসেন। একটু পরই এলেন সাবিনা ইয়াসমীন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে গিয়ে তাঁকে জড়িয়ে ধরলেন। সাবিনাকে তিনি আদর করে চুমু দিলেন। শুরু হলো দুজনের মধ্যে আলাপচারিতা—‘এখানে তোমার সঙ্গে দেখা হবে, ভাবতেই পারিনি। তুমি এখন কেমন আছ?’ সন্ধ্যা জিগ্যেস করলেন। সাবিনা বললেন, ‘খুব ভালো। আপনি?’ ‘আছি, ভগবানের দয়া। তোমার অসুস্থতার সময় আমি কত যে দোয়া করেছি। যাক, তোমাকে আবার সুস্থ দেখতে পাচ্ছি, আমার কী যে ভালো লাগছে!’‘শেষ আপনার সঙ্গে দেখা হয়েছিল সেই ২০০৬ সালে। আপনার বাড়ি গিয়েছিলাম। আপনি আমাকে একটা শাড়ি দিয়েছিলেন। আমি শাড়িটি যত্ন করে রেখে দিয়েছি। আর আমার অসুখের সময় যে অনেক দোয়া করেছেন, অনেকের কাছ থেকে আমার খোঁজ নিয়েছেন, তা আমি জেনেছিলাম। নানা ব্যস্ততার জন্য পরে আপনার সঙ্গে আর যোগাযোগ হয়নি।’‘কত দিন যে তোমার গান শুনিনি।’‘হ্যাঁ, আগে আপনাকে ফোন করলেই গান শুনতে চাইতেন। আপনাকে গান শোনাব! আমার অনেক ভয় হতো।’সন্ধ্যা মুখোপাধ্যায়ের মুখে হাসি। তাঁদের আলাপচারিতা সামনে বসে শুনছিলেন এই প্রতিবেদক। এবার তাঁদের কথার মধ্যে যোগ দিলেন—শুনেছি, আপনি কখনো বাংলাদেশে যাননি। এই দেশকে দেখতে কখনো ইচ্ছে হয়নি?সন্ধ্যা বললেন, ‘বাংলাদেশ থেকে প্রথম আমন্ত্রণ পেয়েছিলাম ১৯৫৯ সালে। ওই সময় আমার সঙ্গে আরও আমন্ত্রণ জানানো হয়েছিল হেমন্ত মুখোপাধ্যায় আর মোহাম্মদ রফিকে। বাংলাদেশে এসে আমরা গান করব, এ দেশের শ্রোতাদের গান শোনাব, বেড়াব—কত যে পরিকল্পনা! কিন্তু অনুষ্ঠানের মাত্র ১৫ দিন আগে আয়োজকদের কাছ থেকে জানতে পারলাম, অনুষ্ঠানটি বাতিল হয়ে গেছে। মনটা খুব খারাপ হলো। আমার মধ্যে কিছু কুসংস্কার আছে। তখন মনে হলো, আর বোধ হয় বাংলাদেশে যাওয়াই হবে না। হলোও তা-ই। আর যাওয়া হলো না।’এখন যদি আবার আপনাকে আমন্ত্রণ জানানো হয়?‘এখন তো আর আমি আগের মতো ছুটতে পারি না। বয়স হয়েছে। অন্যের সহযোগিতায় চলাফেরা করি। আর হয়তো যাওয়া হবে না। এবার তো বাংলাদেশই আমার কাছে চলে এসেছে। সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দিচ্ছে। তা-ও আবার কলকাতায় এসে।’ সন্ধ্যা বললেন।মুক্তিযুদ্ধের সময় এবং পরে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কিছু গান গেয়েছিলেন। সেই প্রসঙ্গ উঠতেই মুখের কাছে হাত জোড় করে বললেন, ‘সেই দিনগুলোর কথা কি ভোলা যায়?’এ সময় সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এগিয়ে এলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম। ওদিকে বলরুমে আসেন রুনা লায়লা।রুনা লায়লা জড়িয়ে ধরলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে। এরপর হাত মেলালেন সাবিনা ইয়াসমীনের সঙ্গে। নিজেদের মধ্যে কুশল বিনিময় করলেন। তাঁদের ঘিরে আলোকচিত্রীদের ভিড় ক্রমেই বাড়ছে। একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠছে—এমন সুন্দর মুহূর্তটি সবাই চান ক্যামেরায় ধরে রাখতে।সন্ধ্যা রুনাকে বললেন, ‘তোমার অনেক গান আমি শুনেছি। তোমার গান আমার দারুণ ভালো লাগে!’এবারই প্রথম সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি দেখা হলো রুনার। রুনা বললেন, ‘আমার খুব ভালো লাগছে।’ততক্ষণে ৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু করার সব প্রস্তুতি শেষ। মঞ্চে এলেন উপস্থাপক ফারজানা ব্রাউনিয়া। শুরু হলো ৮ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের আজীবন সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। সন্ধ্যা মুখোপাধ্যায়, রুনা লায়লা আর সাবিনা ইয়াসমীনের মধ্যে আলাপ থেমে যায়। সবার দৃষ্টি চলে যায় মঞ্চের দিকে।