সন্ধ্যায় ‘মায়ার মাধুরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন বর্ষাকাল। সে জন্য ভারতের আইটিসি সংগীত রিসার্চ একাডেমির পণ্ডিত অরুণ ভাদুড়ি এবং অন্য শিল্পীরা গায়ন ও বাদনের মাধ্যমে রাজধানী জাতীয় জাদুঘর মিলনায়তনে গতকাল রোববারের সন্ধ্যাকে ‘মল্লার ফেস্টিভ্যাল’-এ পরিণত করেছেন। শিল্পীদের মেঘ ও মল্লার রাগের সুরের মূর্ছনায় প্রকৃতি যেন সেজেছিল মেঘে মেঘে। অতঃপর বৃষ্টিস্নাত হয়ে প্রকৃতি পেয়েছে নির্মলতা।বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি এসআরএ ‘মায়ার মাধুরী’ শীর্ষক এ সংগীত সন্ধ্যার আয়োজন করে। এতে সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো। সম্প্রচার সহযোগী ছিল দেশ টেলিভিশন। শুরুতে শিল্পী অরুণ ভাদুড়িকে সম্মাননা পদক তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। উত্তরীয় পরিয়ে দেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের। তার আগে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। সংগীত পর্বের শুরুতে বাঁশি বাজিয়ে শোনান বাংলাদেশের শিল্পী গাজী আবদুল হাকিম। সবশেষে মঞ্চে আসেন অরুণ ভাদুড়ি। তিনি বলেন, ‘শুরু থেকে অনুষ্ঠানে মল্লার রাগের একটি আবহ তৈরি হয়েছে। সুতরাং, আমিও সে রকম একটি রাগ পরিবেশন করব।’ তিনি পরিবেশন করেন রাগ মেঘমল্লার। বান্দিশটি ছিল বিলম্বিত একতাল ও দ্রুত তিনতালের বাঁধা। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেন জ্যোতি গুহ এবং তবলায় সন্দীপন রায়চৌধুরী।শিল্পী সাবিনা মমতাজ ইসলাম এবং রতন ভারতীর জন্য শুধু ‘বাহ্ বাহ্’ ধ্বনি যথেষ্ট ছিল না। মাত্র ৩৭ বছর বয়সেই নিজের কণ্ঠকে পরিণত করেছেন শিল্পী সাবিনা মমতাজ। তিনি গেয়েছেন গান্ধীমল্লার। তারপর গিটারে মেঘ রাগ পরিবেশন করেন রতন ভারতী।