সপরিবারে হজে যাচ্ছেন মিশা সওদাগর

সপরিবারে হজে যাচ্ছেন বাংলাদেশি চলচ্চিত্রের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। এ মাসের ২১ তারিখে স্ত্রী ও সন্তান নিয়ে হজ পালন করতে যাচ্ছেন বলে প্রথম আলোকে জানান তিনি।
মিশা সওদাগর বলেন, ‘একজীবনে আল্লাহপাক আমাকে অনেক কিছুই দিয়েছেন। আমার জীবন নিয়ে আমি অনেক সুখী। তাঁর কাছে শুকরিয়া আদায় করতে হজ করার সিদ্ধান্ত নিই। ২০০৭ সালে একবার হজে যাওয়ার সুযোগও হয়েছিল। তখনই ভেবেছিলাম, যদি আবারও হজে যাওয়ার সুযোগ মেলে তাহলে পরিবার নিয়ে যাব। তাই এবার যখন সুযোগ পেলাম, স্ত্রী ও সন্তানকে নিয়ে হজে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
হজে যাওয়ার আগে মিশা সওদাগর বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। ছবিগুলো হচ্ছে ইস্পাহানী আরিফ জাহানের গুণ্ডা-দ্য টেরোরিস্ট, ফারুক হোসেনের লাভার বয়, ওয়াকিল আহমেদের শোধ। এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে মিশা সওদাগর অভিনীত সানিয়াত হোসেন পরিচালিত অল্প অল্প প্রেমের গল্প ছবিটি। এই ছবিতে মিশা সওদাগরের অভিনয় সবার কাছে প্রশংসিত হয়েছে। জানালেন, এবারের ঈদে তাঁর পাঁচটি ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।