সপ্তাহব্যাপী ‘নৃত্যনাট্য উৎসব’ করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিরাগের দুই যুগ উদ্যাপন অনুষ্ঠান শুরু হয়েছে গতকাল রোববার। বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে আজ দ্বিতীয় দিনে থাকছে রবীন্দ্রসংগীতের বিভিন্ন সংগঠনের সম্মেলক গান ও গীতি-নৃত্যনাট্য ‘শাপমোচন’। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থেকে এটি যৌথভাবে পরিবেশন করবে রবিরাগ ও নৃত্যাঞ্চল। এই গীতি-নৃত্যনাট্য পরিচালনা এবং এতে অভিনয় করেছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা। কথা হলো শিবলী মহম্মদের সঙ্গে।বেশ কিছুদিন আগে রবিরাগ ও নৃত্যাঞ্চল যৌথভাবে মঞ্চে ‘শাপমোচন’ করেছিল।সেটা প্রায় বছর পাঁচেক আগে। রবিরাগের বর্ষপূর্তি উপলক্ষে বেশ বড় আকারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। গান করেছিলেন রবিরাগের সদস্যরা আর যন্ত্রসংগীতে অংশ নিতে কলকাতা থেকে এসেছিলেন দূর্বাদল চট্টোপাধ্যায় ও তাঁর দল। নৃত্যে অংশ নিয়েছিল নৃত্যাঞ্চল। সেবার পুরো ব্যাপারটি ছিল সরাসরি। কিন্তু এবার গান আর সংলাপ আগে থেকেই রেকর্ড করা হয়েছে। দুটোর স্বাদ দুই রকম।নাচের অংশে কোনো নতুনত্ব থাকছে?তা অবশ্যই থাকছে। এই পাঁচ বছর সময়ের মধ্যে নৃত্যাঞ্চলের ছেলেমেয়েরা অনেকগুলো কর্মশালায় অংশ নিয়েছে। বিভিন্ন সময় এসব কর্মশালা পরিচালনা করেছেন মহুয়া মুখার্জি, সুকল্যাণ ভট্টাচার্য, স্বপন মজুমদার, মালতী শ্যাম ও কবিতা ত্রিবেদী। এর ফলে সবাই এখন অনেক অভিজ্ঞ। এর কিছু প্রতিফলন থাকবে আজকের পরিবেশনায়।সম্প্রতি নৃত্যাঞ্চলের পরিবেশনায় ‘বাল্মীকি প্রতিভা’ মঞ্চস্থ হলো। ওটা নির্দেশনা দিয়েছিলেন সুকল্যাণ ভট্টাচার্য। ‘শাপমোচন’ নির্দেশনার দায়িত্ব অন্য কাউকে দিলে কেমন হতো?অন্য কেউ নির্দেশনা দিলে নিজের চরিত্রের দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া সম্ভব হয়। যেমন সুকল্যাণ ভট্টাচার্য নির্দেশনা দেওয়ার কারণে আমি ‘বাল্মীকি’ চরিত্রে শতভাগ দিতে পেরেছি। আবার মহুয়া মুখার্জির নির্দেশনায় চিত্রাঙ্গদায় অর্জুন চরিত্রটি স্মরণীয় হয়ে আছে। আসলে নিজেরা নির্দেশনা দিতে গেলে অনেক দিকে খেয়াল রাখতে হয়। যেমন—মঞ্চ, আলো, পোশাক, শব্দ, কে কেমন করছে, খরচ। এত দিকে নজর দিয়ে শেষ পর্যন্ত নিজের চরিত্রটি ভালোমতো করা হয় না।নৃত্যাঞ্চল থেকে সামনে বড় কোনো আয়োজনের পরিকল্পনা আছে?হ্যাঁ, সপ্তাহব্যাপী ‘নৃত্যনাট্য উৎসব’ করার পরিকল্পনা করেছি। এরই মধ্যে নৃত্যাঞ্চল থেকে শাপমোচন, চিত্রাঙ্গদা, বাল্মীকি প্রতিভা, শকুন্তলা, বাদল বরিষণে, মহুয়া ও তিনকন্যা দান আমরা মঞ্চস্থ করেছি। এগুলো নিয়েই উৎসব করব এ বছরই শীতের দিকে।