কাজের মাধ্যমেই পরিচয়, পরিচিতি এবং দর্শকপ্রিয়তার কারণে জনপ্রিয়তা। সাম্প্রতিক সময়ে এমন দুটি জুটি—চলচ্চিত্রে শাকিব খান-অপু বিশ্বাস, সংগীতাঙ্গনে হাবিব-ন্যান্সি
সফল জুটি
শাকিব-অপু জুটিপরিচালক এফ আই মানিক কোটি টাকার কাবিন নামের একটি ছবি বানাবেন। শাবনূরকে নায়িকা হওয়ার প্রস্তাব করেন তিনি। কিন্তু শিডিউল ও পারিশ্রমিক নিয়ে বনিবনা হলো না শাবনূরের সঙ্গে। সাত দিন পর ছবির শুটিং। বিষয়টি নিয়ে ছবির নায়ক শাকিব খানের সঙ্গে কথা বলেন পরিচালক। ওই মুহূর্তে এগিয়ে এলেন স্থিরচিত্রগ্রাহক লিটন। তিনি জানালেন, আমজাদ হোসেনের কাল সকালে ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন নতুন একটি মেয়ে। নাম অপু বিশ্বাস। অপুর ছবি তাঁকে দেখানো হলো। ছবি দেখে শাকিবের পছন্দ হলো। এরপর অপুকে খবর দেওয়া হলো। বগুড়া থেকে ঢাকায় চলে এলেন অপু।পরিচালক সমিতিতে তাঁকে দেখলেন পরিচালক এফ আই মানিক। অপুর সঙ্গে কথা বললেন। পরিচালক তাঁকে নেওয়ার কথা জানিয়ে দিলেন। ‘আমার কী যে ভালো লাগছিল সে সময়! শুধু মনে হচ্ছিল, আমি যেন কাজটা ঠিকভাবে করতে পারি। কারণ শাকিব তখন বেশ জনপ্রিয়। ছবির কাজ শুরু করলাম। প্রথম দিন ছিল গানের শুটিং। শাকিবকে দেখলাম। আমার একটু জড়তা ছিল। শাকিব বেশ সহযোগিতা করলেন। তাতেই কিছুটা অস্বস্তি কেটে গেল। গানের শুটিংটাও ভালোভাবে করতে পারলাম।’ বলছিলেন অপু বিশ্বাস।শাকিব-অপু বিশ্বাসের প্রথম ছবি কোটি টাকার কাবিন মুক্তি পেল। ছবি সুপার-ডুপার হিট। ‘দর্শক যে একজন নতুন নায়িকার সঙ্গে আমাকে এতটা ভালোভাবে গ্রহণ করবে, এটা কিন্তু আমার ধারণা ছিল না। আর তখন সুপারস্টার হচ্ছেন শাবনূর, পূর্ণিমা, মৌসুমী। তাঁদের ভিড়ে অপু নিজের একটা জায়গা করে নেবে, এটা কেউই ভাবিনি। ছবি ব্যবসাসফল হওয়ার পর চাচ্চু ছবিতে আবার পরিচালক আমাকে ও অপুকে নিলেন। কাজ করলাম একসঙ্গে। চাচ্চু মুক্তি পেল। এটিও সুপারহিট। এর পর দাদিমা। এরই মধ্যে আরও কয়েকজন পরিচালক আমাদের দুজনকে নিলেন। আগে আমার নামের সঙ্গে যেমন শাবনূর-পূর্ণিমা-পপির নাম থাকত, সেখানে যুক্ত হলো অপু বিশ্বাসের নামও।’ বললেন শাকিব।জুটি হিসেবে তাঁরা কেবল স্বীকৃতি পেতে শুরু করেছেন, এ সময় শাকিব অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য গেলেন ব্যাংকক। এই ফাঁকে তখন নায়ক মান্নার সঙ্গে চারটি ছবি স্বাক্ষর করেন অপু। দেশে ফেরার পর বিষয়টি জানতে পেরে মনঃক্ষুণ্ন হন শাকিব। এ নিয়ে দুজনের কাজের সম্পর্কে সৃষ্টি হয় টানাপোড়েন। অনেকেই তখন ধরে নেন, এই জুটির অপমৃত্যু ঘটল বুঝি। কিন্তু পরিচালক জাকির হোসেন রাজু মনেপ্রাণে আছ তুমি ছবি দিয়ে আবার তাঁদের নিয়ে কাজ শুরু করেন। সেই টানাপোড়েন সম্পর্কে শাকিব বললেন, ‘অপু বোধ হয় ধরেই নিয়েছিলেন যে আমি সুস্থ হতে পারব না। তাই অন্যদের সঙ্গে স্বাক্ষর করেছিলেন।’অপু অবশ্য শাকিবের কথার মৃদু প্রতিবাদ জানালেন। ‘মোটেও না। সে সময় শাকিবও তো অন্যদের সঙ্গে কাজ করেছেন। আর যে পরিচালকেরা আমাকে ছবিগুলো দিয়েছিলেন, তাঁরা বলেছিলেন যে এই শিডিউলগুলোয় শাকিব অন্য নায়িকাদের সঙ্গে কাজ করছেন। আমি এই সময়টায় মান্নার সঙ্গে কাজ করতে পারি। এ জন্যই আমি ছবিগুলো নিয়েছিলাম।’ কিন্তু মান্নার অকাল মৃত্যুতে আর সেসব ছবিতে অপুর কাজ করা হয়নি।মনেপ্রাণে আছ তুমি ছবিটিও মুক্তির পর সুপার-ডুপার হিট। এই জুটি চার বছর ধরে একসঙ্গে কাজ করছে। এ পর্যন্ত এই জুটির প্রায় ৬০টি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বেশির ভাগ ছবিই ব্যবসাসফল অথবা প্রযোজক লগ্নি তুলতে পেরেছেন। শাকিব-অপুকে ছবিতে নিতে পারলেই অনেক পরিচালক হন নির্ভার। দুজনের হাতে এ মুহূর্তে আছে ১৭টি ছবি।কে বেশি জনপ্রিয়? শাকিব, না অপু—আনন্দ-এর প্রশ্ন। অপু চোখ বন্ধ করে বলেন, ‘শাকিবের জনপ্রিয়তার কাছে আমি কিছুই না। বরং শাকিবের আলোয় পর্দায় আমরা আলোকিত হই।...’ অপুকে থামিয়ে শাকিব বলেন, ‘আমরা সবাই যাঁর যাঁর আলোয় আলোকিত হই। অন্যের আলোয় বেশিক্ষণ আলোকিত হওয়া যায় না। অপুর নিজস্ব আলো আছে বলেই তো আজ একটি প্রতিষ্ঠিত জুটির অংশ হতে পেরেছি।’হাবিব-ন্যান্সি জুটিএস এ হক অলীকের হূদয়ের কথা ছবির জন্য হাবিব তখন ভালোবাসব বাসব রে বন্ধু গানটি তৈরি করছেন। এ গানে একটি নারীকণ্ঠ দরকার। বাবা ফেরদৌস ওয়াহিদ হাবিবকে ন্যান্সি নামের একটি মেয়ের সন্ধান দিলেন। বললেন, ‘গলাটা খুব সুন্দর। তুমি দেখতে পারো।’ন্যান্সি থাকেন নেত্রকোনায়। তাঁকে খবর পাঠানো হলো। তিনি চলে এলেন। ওই গানে তাঁর কণ্ঠ ধারণ করা হলো। মেয়েটির গলা যে খুব সুন্দর, সেটি হাবিব টের পেলেন। ছবি মুক্তি পেল। ছবি এবং ওই গান সুপারহিট। ন্যান্সি তখনো আড়ালে।এরপর একটি ভোজ্যতেলের বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেলে আবার ডাক পড়ল ন্যান্সির। জিঙ্গেলটিতে ন্যান্সির কণ্ঠ ধারণের পর হাবিব মুগ্ধ। আবারও অপেক্ষা। এস এ হক অলীক আকাশ ছোঁয়া ভালবাসা ছবির গান করার জন্য আবার হাবিবের কাছে গেলেন। তৈরি হলো ‘পৃথিবীর যত সুখ’ গানটি। দ্বৈত এ গানটিতে হাবিব তাঁর সঙ্গে ন্যান্সিকে নিলেন। গানটি শ্রোতাপ্রিয় হলো। ন্যান্সিও পেলেন পরিচিতি।এরপর মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ ছবিতে আবারও হাবিব তাঁর সুরে ন্যান্সিকে নিয়ে গাইলেন ‘তোমারে দেখিল পরানও ভরিয়া’ গানটি। এটিও হলো শ্রোতাপ্রিয়। তবে জুটি হিসেবে হাবিব-ন্যান্সির দর্শক-শ্রোতাদের গ্রহণযোগ্যতার জন্য যেন আরও গভীর কোনো ভালোবাসার গানের প্রয়োজন ছিল। সেই অভাবটা এবার দূর হলো মোস্তফা সরয়ার ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবির ‘দ্বিধা’ (বাহির বলে দূরে থাকুক) গানটি।এ গানের পেছনের গল্পটি বললেন হাবিব, ‘ফারুকী ভাই হঠাৎ একদিন বললেন, আমার এ ছবিতে ন্যান্সিকে দিয়ে একটি গান করাতে চাই। তারপর “বাহির বলে...” গানটি করলাম। আসলে ন্যান্সির জন্য আমাকে আলাদা করে কিছুই করতে হয়নি। ওর কাজই ওকে আজ এ অবস্থানে নিয়ে এসেছে।’তবে ন্যান্সি তা মানতে রাজি নন। তিনি বলেন, ‘মোটেও না। এ কথা ১০০ ভাগ সত্যি যে শিল্পী ন্যান্সি হাবিবের আবিষ্কার। এর সঙ্গে আমি আরও বলব, আজ যে কাজ করছি, যতটুকু শ্রোতাপ্রিয়তা পেয়েছি, এর পেছনে পুরো অবদানই হাবিব ভাইয়ের।’আর ন্যান্সি সম্পর্কে হাবিবের উচ্ছ্বাসটা এমন, ‘ওপরওয়ালার কাছ থেকে এক অসাধারণ কণ্ঠ পেয়েছে ন্যান্সি। আমি শুধু সুর করে সেই কণ্ঠে গান বসিয়ে দিয়েছি। এতটুকুই যা।’মূলত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার-এর ‘দ্বিধা’ গানটির পরই হাবিব-ন্যান্সি জুটি গড়ে ওঠে। যে নির্মাতাই গান নিয়ে হাবিবের কাছে আসেন, তিনিই হাবিবকে অনুরোধ করেন ন্যান্সিকে দিয়ে যেন একটি-দুটি গান গাওয়ানো হয়।‘ন্যান্সির কণ্ঠে প্রচণ্ড আবেগ আছে। এ কারণে আমি নির্মাতাদের বলতাম, ভাই, যে গানে ওর কণ্ঠ প্রয়োজন মনে হবে, সে গানেই আমি ওকে নেব।’‘দ্বিধা’ গানটির সুর যখন করেছিলেন হাবিব, তখন মধ্যরাত। ‘গানটি সুর হয়ে যাওয়ার পর মনে হয়েছিল এ গানটি ন্যান্সি ভালো করবে। ওকে খবর দিলাম। কেউ বিশ্বাস করবে কি না জানি না, মাত্র ১৫ মিনিটে গানটি গেয়ে ফেলল সে। আসলে আমাদের কাজের বোঝাপড়াটা চমৎকার।’‘দ্বিধা’র পর খোঁজ—দ্য সার্চ ছবির ‘এত দিন কোথায় ছিলে’ এবং এই তো প্রেম ছবির ‘আমি তোমার মনের ভেতর’ গান দুটি হাবিব-ন্যান্সি জুটিকে প্রতিষ্ঠিত করে দিয়েছে।হাবিব সম্পর্কে ন্যান্সির অভিব্যক্তি শোনা যাক, ‘আসলে হাবিব ভাই একজন কাজপাগল মানুষ। তাঁর এই স্টুডিওতে যখন ঢুকি, তখন মনে হয় এটা আমার নিজের বাড়ি। পবিত্র একটি জায়গা। কাজটা কতটা ভালো করা যায়, এটাই মাথায় ঘুরতে থাকে বারবার। তবে গান গাইবার সময় হাবিব ভাইয়ের মুখ দেখে বোঝার উপায় নেই যে তিনি কাজটা পছন্দ করছেন কি, করছেন না। তাই প্রথম প্রথম বেশ সমস্যায় পড়ে যেতাম। অনেক পরে বুঝলাম, কাজ যদি পছন্দ না হয়, তাহলে তিনি খুব রেগে যান এবং বলেন, বাজে হয়েছে।’হাবিব-ন্যান্সি একসঙ্গে কাজ করলেও সম্প্রতি প্রজাপতি ছবির শিরোনাম গানটিতে কণ্ঠ দেন কণা। গানের বাজারে গুজব ছড়াল হাবিব নাকি ন্যান্সিকে নিয়ে কাজ করতে আগ্রহী নন। আর ন্যান্সিও এটা জেনে অন্য শিল্পীদের সঙ্গে গান করার চেষ্টা করছেন। প্রসঙ্গটি তুলতেই ন্যান্সি হাবিবকে উদ্দেশ করে বললেন, ‘ভাইয়া, আমি নিজেও এ কথা শুনেছি। আপনি নাকি বলেছেন, ন্যান্সি গান গাইতে পারে না?’শুনে হাবিব বললেন, ‘তা-ই যদি হতো, তাহলে প্রজাপতি ছবির পরের গানটি তুমি গাইলে কী করে?’এরপর জানালেন, ‘আসলে মোস্তফা কামাল রাজ প্রজাপতি সিনেমায় গান করার জন্য যখন এলেন, তখন দেখি একটি কাগজে রাজ নিজেই লিখেছেন, সুর হাবিব। শিল্পী হাবিব ও ন্যান্সি। আমি বললাম, গানই এখনো তৈরি হয়নি। আর আপনি শিল্পী নির্বাচন করে ফেলেছেন। রাজ বললেন, ভাই, প্রযোজকের চাহিদা হচ্ছে ন্যান্সি। আমি হাসলাম। গানটি সুর করার পর বললাম, এটি কণা ভালো গাইবে। পরের গানটিতে ন্যান্সিকে নেব। করেছিও তা-ই।’হাবিবের কথা শুনে ন্যান্সি বললেন, ‘আসলে প্রথম যখন শুনলাম কণা গানটি গাইছে, তখন খুব খারাপ লেগেছিল। কিন্তু যখন গানটি শুনলাম, তখন মনে হলো যে হাবিব ভাই সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কণা খুবই ভালো গেয়েছে।’দুজন দুজনার সম্পর্কে মূল্যায়ন করলেন এভাবে।‘হাবিব ভাই অসম্ভব জনপ্রিয় একজন মানুষ। তিনি এখন রাজা। তাঁর সঙ্গে কাজ করতে পারা অনেক বেশি আনন্দের। তিনি কারও অগোচরে সমালোচনা পছন্দ করেন না। যেকোনো নতুন কাজকে সাধুবাদ জানান।’ বললেন ন্যান্সি।আর হাবিব বললেন, ‘ওকে যতটুকু চিনি, তাতে করে বলব, ও ভালো মেয়ে। তবে ন্যান্সির প্রতি আমার উপদেশ। টিভিতে সরাসরি গানের অনুষ্ঠান কম করো। কারণ, সব টিভি চ্যানেলেই দেখা যায় একই ধরনের গান, একই ধরনের মিউজিক। কোনো পরিবর্তন তো নেই।’