সফল দুটি বছর পেরিয়ে এবিসি
‘আপনার ব্যক্তিগত মুঠোফোন নম্বরটা দেবেন?’ এক শ্রোতার কাছ থেকে চার-চারটা খুদেবার্তা পাওয়ার পর কথাবন্ধু শারমীন জবাব দিলেন, ‘দুটো নম্বর আছে বন্ধু। যেকোনো সময় তুমি যোগাযোগ করতে পারো যেকোনো মুঠোফোন থেকে ৮৯২০ নম্বরে আর সিটিসেল থেকে ৬১৬১ নম্বরে।’আরেক শ্রোতা কথাবন্ধুর কাছে জানতে চাইলেন তাঁর কোনো ‘ব্যান্ড’ আছে কি না, কিংবা ‘অ্যালবাম’? কথাবন্ধুর চটপট উত্তর, ‘হ্যাঁ, প্রচুর ব্যান্ড আছে, নানা রঙের চুলের ব্যান্ড...লাল, নীল, কমলা, সবুজ। আর অ্যালবামও আছে প্রচুর। কিন্তু সেগুলোতে আছে আমার এবং পরিবারের সদস্যদের ছবি।’প্রেম করা, বিয়ের প্রস্তাব তো ছেলেমেয়ে-নির্বিশেষে কথাবন্ধুরা নিয়মিতই পান। কথাবন্ধু নাবিলা জানালেন, দুই দিন আগে এক শ্রোতা তাঁর হ্যান্ডসাম, ইংরেজিতে স্নাতকোত্তর বড় ভাইয়ের জন্য তাঁকে পাত্রী নির্বাচন করেছেন। শ্রোতাবন্ধুদের এ রকম সব বিচিত্র আবদারের বুদ্ধিদীপ্ত, তাৎক্ষণিক জবাব নিয়মিত দিয়ে থাকেন কথাবন্ধুরা। এবিসি রেডিওর অনুষ্ঠান বিভাগের আড্ডায় বসে এমন সব মজার গল্প শোনা গেল।বেসরকারি এফএম রেডিও বাংলাদেশের গণমাধ্যমের জগতে বয়সে শিশু। আরও শিশু এবিসি রেডিও, এফএম ৮৯ দশমিক ২। কিন্তু প্রতি ঘণ্টায় সর্বশেষ খবর বা শেয়ারবাজার অথবা যানজটের তথ্য পরিবেশনায় পেশাদারি; বিনোদনের বৈচিত্র্যময় আয়োজনে প্রাণবন্ত ও চনমনে উপস্থাপনায় নানা শ্রেণী-পেশার শ্রোতার মনে স্বতন্ত্র জায়গা করে নিয়েছে এই এফএম রেডিও স্টেশনটি। ‘সুপ্রভাত বন্ধু। শুনছো এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২’—এই কথা দিয়ে কথাবন্ধু পম্পা ২০০৯ সালের ৭ জানুয়ারি ভোর ছয়টায় বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবিসি রেডিওতে। এরই ধারাবাহিকতায় বাণিজ্যিক সমপ্রচারের তৃতীয় বছরে পা ফেলছে এবিসি। কাল ৭ জানুয়ারি। শুভ জন্মদিন এবিসি। প্রতি ঘণ্টা সারা বছর সর্বশেষ সংবাদসারা বছর প্রতিটি মুহূর্ত জেগে থাকে এবিসি রেডিও। প্রতি ঘণ্টায় সংবাদের পাশাপাশি নিয়মিত অনুষ্ঠানের মধ্যে বড় ঘটনায় সর্বশেষ খবর দিতেও ভোলে না। দলনিরপেক্ষ, অসামপ্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আর পিছিয়ে পড়া মানুষের পাশে থাকে নবীন এই স্টেশনটি। ইলেকট্রনিক গণমাধ্যমে এবিসির রয়েছে দেশ ও বিদেশের খবর সংগ্রহের সবচেয়ে বড় নেটওয়ার্ক। ঢাকায় আছে একঝাঁক তরুণ, উদ্যমী সাংবাদিক। সারা দেশে আছে সোয়া দুই শ প্রতিবেদক ও প্রতিনিধি। নিমতলীতে আগুনের ঘটনা, বেগুনবাড়িতে একের পর এক ভবনধস, সাভারের আমিনবাজারে বাস ডুবে যাওয়া, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ দেশের যেকোনো বড় ঘটনায় শ্রোতারা এবিসিকে সঙ্গে পান। ঢাকার শেয়ারবাজার ঘুরে সব খবর নিয়ে হন্তদন্ত হয়ে কারওয়ানবাজারের অফিসে ঢুকলেন জ্যেষ্ঠ প্রতিবেদক সীমা ভৌমিক। আরেক জ্যেষ্ঠ প্রতিবেদক আমিন আল রশীদ তাঁকে ডেকে নিয়ে জানালেন, ‘জানেন, একটা বড় খবর আছে। সবাই চেপে গেছে। আমরাও করতে পারছি না। বার্তাপ্রধান অনুমতি দিচ্ছেন না।’ সীমার তো মাথা খারাপ হওয়ার জোগাড়! কিন্তু খবরটা কী? আমিন কানে কানে জানালেন, ‘জানেন, সরকারও ঘটনাটা চেপে গেছে। এবার নটর ডেম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় কেউ পাস করেনি।’ সীমা দৌড়ে গেলেন বার্তা ও অনুষ্ঠান প্রধান সানাউল্লাহর কাছে। জানতে চাইলেন, ‘এত বড় খবর আমরা কেন করছি না লাবলু ভাই?’ হেসে ফেললেন বার্তাপ্রধান। বললেন, ‘বোকা মেয়ে, নটর ডেমে স্কুল সেকশন আছে? এসএসসি পরীক্ষা হবে কী করে?’ সীমার হতভম্ব মুখ দেখে পুরো অফিস হেসে খুন।এমনি মজার পরিবেশ এবিসি রেডিওর অফিসে। ২৪ ঘণ্টা ৩৬৫ দিন কাজ করতে অফিসের কাজের পরিবেশটা আনন্দের হওয়া জরুরি। ঈদ, পুজো, মে দিবস, শবেবরাত, একুশে ফেব্রুয়ারি, বিজয় দিবসে যখন অন্যরা ছুটি কাটায়, তখনো পুরোদমে কাজ চলে এবিসি রেডিওর অফিসে। দিনের একটা বড় অংশ সাংবাদিক-কর্মীদের অফিসে কাটাতে হয়। একটি সুস্থ-সুন্দর অফিস পরিবেশ নিশ্চিত করার জন্য এবিসির ব্যবস্থাপকেরা সব সময় উদ্যোগী থাকেন। এবিসির খবর-তথ্য কার না ভালো লাগে। নিউজিল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে স্টেডিয়ামে যখন বাংলাদেশের খেলা চলে, পথ চলতে চলতে বা অফিসে বসে কাজের ফাঁকে কিছুক্ষণ পরপরই সর্বশেষ তথ্যটা জেনে যান বন্ধুরা। কলেজ শিক্ষার্থী তানিয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কামরুল হাসান এবং ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন আহম্মেদ তাই সব সময় এবিসির সঙ্গেই থাকেন। প্রায় একই কণ্ঠে তাঁরা বললেন, কাজ করতে করতে, পথ চলতে যখনই চাই, যেকোনো সময় প্রয়োজনের সব খবর জানতে পারছি। এবিসির খবর আর তথ্যমূলক অনুষ্ঠানগুলো আমাদের ভীষণ সাহায্য করে। সবার জন্য বিনোদনরেডিওতে সিনেমা, সিনেমা রেডিওতে—এবিসির এমন প্রশ্ন শ্রোতাদের বিস্মিত করে। ‘মাথা নষ্ট’ করা আয়োজন ‘ডাবল এক্সপোজার’ দেশ-বিদেশের নানা ধরনের চলচ্চিত্র দেখানোর পাশাপাশি কথাবন্ধুদের সরস কথোপকথন দিয়ে সাজিয়েছে এবিসি রেডিও।গানে গানে এবিসি এর আয়োজনটা অন্য যেকোনো কিছু থেকে আলাদা। এবিসি সব শ্রেণীর শ্রোতাদের রুচির দিকেই নজর দিয়ে অনুষ্ঠানের আয়োজন করে, এমনটা জানালেন সানাউল্লাহ। একসঙ্গে পাঁচমিশালী গান না শুনিয়ে বিভিন্ন ধরনের শ্রোতার দিকে নজর দিয়ে গানের আসরটা জমায় এবিসি। রক, ক্লাসিক, ইংরেজি, হিন্দি এমনকি বাংলা সিনেমার গানেরও বিশেষ আয়োজন থাকে এবিসিতে। সমপ্রতি চালু হয়েছে ‘হাওয়া বদল’ নামে ভিন্ন স্বাদের আয়োজন। শেকড় থেকে লোকসংগীতের প্রজন্ম থেকে প্রজন্মে পরিবেশনার বৈচিত্র্য ও ধারার গল্প-গান নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এবিসির জনপ্রিয় আয়োজন ‘ক্যাফে লাইভ’। বৃহস্পতিবার রাত ১১টার খবরের পর থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশের পরিচিত পরিণত থেকে নবীন ব্যান্ড দল এবং সংগীতশিল্পীরা সরাসরি পরিবেশনা করেন। শিল্পী ও বাল্যবন্ধু সাহেদ এই অনুষ্ঠানটির কথাবন্ধু।এর বাইরে কথাবন্ধু কিবরিয়ার ‘ক্যাফে ৮৯ দশমিক ২’, রাব্বীর ‘পোকা’, শ্রিয়া সর্বজয়ার ‘শ্রিয়া অ্যান্ড ব্রাদার্স’, অভিনেতা শাহাদাতের ‘বেহাল চৌরাস্তা’, ‘হ্যাঁ ভাই-খ্যাত মাজহারুল ইসলাম ও কিবরিয়ার ‘সিনেমাতাল’, মারিয়া, সুমন্ত, ফাহমিমের উপস্থাপনায় ‘লা ক্লাসিক’, ‘রক অব এজেস’, ‘টানেল অব মিউজিক’, ‘হিন্দি হিটস’ ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ‘ক্যাম্পাস-ক্যাম্পাস’, ‘অপরাজিতা’, ‘চাঁদনিচক’, ‘জীবনের জয়গান’, ‘হতে চাই পেতে চাই’-এর মতো আরও নানা আয়োজন নানা বয়স ও পেশার এফএম শ্রোতা তৈরি করেছে।নতুনের আবাহনজন্ম থেকে এফএম রেডিওর সংস্কৃতিতে নিজস্ব ধারা নিয়ে এসেছে এবিসি রেডিও। প্রমিত বাংলায় কথা বলার চর্চা, বাংলা-ইংরেজির মিশেল না করা, গুরুত্বপূর্ণ দিবসে দিনের গুরুত্ব দিয়ে আয়োজন, ঈদ-পুজোয় বর্ণাঢ্য উৎসব—এবিসিকে অন্য এফএম বেতারকেন্দ্র থেকে স্বকীয়তা দিয়েছে। তিন বছরে পা দিতেই এবিসির দায়িত্বটা যেন বেড়ে গেল। চট্টগ্রাম ও কক্সবাজারে এবিসির নতুন স্টেশন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। এ মাসেই আসছে এবিসির নিজস্ব ওয়েবসাইট। জানা গেল, বছরের পুরোটা সময় সৃজনশীল আরও আয়োজনের প্রস্তুতি চলছে জোরেশোরে। কথাবন্ধুর ভাষায় তাই শ্রোতাদের এখনই জানিয়ে দেওয়া যায়, ‘শুনতে থাকুন আর এবিসির সঙ্গে থাকুন’।