সফল রণবীর রকস্টার কাপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১.১১.১১তে মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলীর ছবি রকস্টার। কাকতালীয়ভাবে প্রথম দিনেই ছবির আয় ১১ কোটি রুপি। এ আর রহমানের সংগীত মুক্তির আগেই বিক্রি হয়েছে ১১ কোটি রুপিতে। সব মিলিয়ে ৩০ কোটি রুপির এই ছবি ইতিমধ্যেই লাভ গুনতে শুরু করেছে। কারণ প্রথম তিন দিনে ছবির আয় ৩৪ কোটি রুপি; যা রণবীর কাপুরের একক ছবিগুলোর মধ্যে একটি রেকর্ড। অথচ কিছুদিন আগেও প্রশ্ন উঠেছিল রণবীর কি হারিয়ে গেছেন? গত বছর বহু তারকার সঙ্গে রাজনীতিতে সফল হয়েছিলেন বটে, তবে আনজানা আনজানি ব্যর্থ হওয়ায় ঠিক যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন তিনি। রণবীরের মা নীতু কাপুর এর ব্যাখ্যা দেন, ‘রণবীর শুধু ছবিপাড়া থেকেই নয়, পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। রণবীরের নানি তো প্রায়ই কান্নাজুড়ে দিতেন, নাতিকে দিওয়ালির দিন বাদে অন্য কোনো দিন দেখাই যায় না! রকস্টার-এর জন্য রণবীর দুই বছর নাওয়া-খাওয়া ভুলে গিয়েছিলেন।’ সোচা না থা, জাব উই মেট, লাভ আজকাল পরিচালক ইমতিয়াজ আলী অবশ্য শুরুতে জন আব্রাহামকে ভেবেছিলেন রকস্টার-এর নাম ভূমিকায়। সেটা আজ থেকে তিন বছর আগের কথা। এ আর রহমান ছবির গান রেকর্ডিংও শুরু করেছিলেন। রণবীর তখন এক ছবির নায়ক। সহকারী এক পরিচালকের কাছ থেকে শোনেন জন রকস্টার নামে এক ছবি করছেন, ছবির গল্প শুনে ভীষণভাবে আন্দোলিত হন কাপুর জুনিয়র। তবে ইমতিয়াজের সঙ্গে কাজের স্বপ্ন মনেই পুষে রাখেন। এর এক বছর পরের ঘটনা। লাভ আজকাল তখন সুপারহিট। ইমতিয়াজ নতুন এক ছবির প্রস্তাব নিয়ে যান রণবীরের বাড়িতে। রণবীর জানতে চান, রকস্টার-এর কাজ কতদূর? রণবীরকে অবাক করে দিয়ে ইমতিয়াজ জানান, ছবিটি আর হচ্ছে না। স্ক্রিপ্ট থেকে বাজেট—সবকিছুতেই সমস্যা। রণবীরের আগ্রহ দেখে ইমতিয়াজ বলেন, রণবীর রাজি থাকলে নতুন করে তিনি রকস্টার নিয়ে ভাবতে পারেন। রণবীর সবুজ সংকেত দেন। এভাবেই জন্ম নেয় রকস্টার। যেই মাত্র রণবীর ছবিটি সই করেন, সঙ্গে সঙ্গে জগৎ-সংসার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেন। চার মাস দিল্লিতে জাত পরিবারের সঙ্গে বাস করেন রণবীর। তাঁদের কথাবার্তা, হাঁটাচলা, হাসি-ঠাট্টা রপ্ত করে নেন, ধাবায় বসে খাওয়া, সন্ধ্যায় হুক্কা টানা, গরুর দুধ দোয়ানো—সব কাজেই রণবীর ছিলেন অগ্রগামী। পাশাপাশি গিটার শেখা তো ছিলই। পরিচালক ইমতিয়াজ আলী রণবীরকে সঙ্গে নিয়ে নিয়মিত ছুটে গেছেন চেন্নাইয়ে, এ আর রহমানের স্টুডিওতে। সেখানে ইরশাদ কামিলের গান লেখা, মোহিত চৌহানের রেকর্ডিং, রহমানের সুর সৃষ্টি—সব প্রত্যক্ষ করেছেন। আর এভাবেই নিজের ভেতরে জন্ম দিয়েছেন ‘জনার্দন’ চরিত্রটিকে। রণবীর বলেন, ‘যেদিন রকস্টার ছবির কাজ শেষ করে বাড়ি ফিরলাম, মনে হলো আমার পরিবার-বন্ধুবান্ধব কেউ নেই। সবার থেকে আমি আলাদা হয়ে গেছি।’ রণবীরের এই ত্যাগ-ই তাঁকে সাফল্য পাইয়ে দিতে সহযোগিতা করেছে। অমিতাভ বচ্চন রকস্টার দেখে মন্তব্য করেছেন, ‘রণবীর যখন ছোট তখন কোলে নিয়েছিলাম। আজ নতুন করে ওকে কোলে নিতে ইচ্ছা করছে।’ শাবানা আজমী টুইটারে লিখেছেন, দুর্দান্ত ছবি রকস্টার। সালাম জানাই ইমতিয়াজ আলী ও এ আর রহমানকে। তবে সবাইকে ছাপিয়ে গেছে রণবীর। সে কী মনকাড়া অভিনয়!’ পরিচালক করণ জোহর বলেন, ‘আমি এখন থেকে স্বঘোষিত রণবীর কাপুরভক্ত। রকস্টার-এ অবিশ্বাস্য অভিনয় করেছে রণবীর।’ ছবি মুক্তির আগে অনেকে মনে করেছেন, জিম মরিসনের ব্যক্তিজীবন নিয়ে রকস্টার-এর কাহিনি আবর্তিত হয়েছে। তবে রণবীর এ তথ্য উড়িয়ে দেন। এই ছবিতেই শাম্মী কাপুর তাঁর শেষ অভিনয় করে গেছেন, তাও নাতির সঙ্গে। রণবীর এ জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করেন। সমালোচকেরা অবশ্য এত কিছুর ধার ধারেন না। ছবির অডিও হোক না সুপারডুপার হিট, সাদ্দা হাক, তুম হো কিংবা নাদান পারিন্দে বলিউড কাঁপিয়ে ফেলুক, কিছু কিছু সমালোচক মনে করেন, রকস্টার আরও ভালো হতে পারত। ছবির নায়িকা নার্গিস তো অভিনয়ই জানেন না। অবশ্য বক্স অফিস এসব কথায় বিন্দুমাত্র কর্ণপাত করছে না। কারণ প্রধান বিচারক আমজনতা এখন রণবীর রকস্টার কাপুরের প্রশংসায় পঞ্চমুখ।  রুম্মান রশীদ খান[টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, বক্স অফিস ইন্ডিয়া, কোইমোই ডট কম অবলম্বনে]