সফল হোক এ উৎসব
বেঙ্গল ফাউন্ডেশন এবং আইটিসি ও এসআরএ-এর আয়োজন ও প্রথম আলোর সহায়তায় ২৯ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে চারদিনব্যাপী ‘বেঙ্গল-আইটিসি এসআরএ শাস্ত্রীয় সংগীত উৎসব’। উৎসবের ঠিক আগে গত ১৮ নভেম্বর প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত’ শিরোনামে গোলটেবিল বৈঠক। প্রাণবন্ত এই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের সংকট ও সম্ভাবনা। জানা গেছে নতুন নতুন প্রস্তাবনার কথাও। যাঁরা অংশ নিলেন আজাদ রহমান শাস্ত্রীয় সংগীত বিশেষজ্ঞ ফেরদৌসী রহমান সংগীতশিল্পী ও শিক্ষক মোবারক হোসেন খান শাস্ত্রীয় সংগীত বিশেষজ্ঞ রামেন্দু মজুমদার নাট্যব্যক্তিত্ব অসিত কুমার দে শাস্ত্রীয় সংগীতশিল্পী ও শিক্ষক ইফফাত আরা দেওয়ান রবীন্দ্র সংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল নজরুল সংগীতশিল্পী ও শিক্ষক অনুপ বড়ুয়া শাস্ত্রীয় সংগীতশিল্পী ও শিক্ষক রেজওয়ান আলী শাস্ত্রীয় সংগীতশিল্পী ও শিক্ষক অদিতি মোহসীন রবীন্দ্র সংগীতশিল্পী বাপ্পা মজুমদার সংগীতশিল্পী শামা রহমান রবীন্দ্র সংগীতশিল্পী রিনাত ফৌজিয়া সেতারশিল্পী প্রিয়াংকা গোপ শাস্ত্রীয় সংগীতশিল্পী ও শিক্ষক আবুল খায়ের চেয়ারম্যান, বেঙ্গল ফাউন্ডেশন লুভা নাহিদ চৌধুরী মহাপরিচালক, বেঙ্গল ফাউন্ডেশনসঞ্চালক: সাজ্জাদ শরিফব্যবস্থাপনা সম্পাদক, প্রথম আলোসাজ্জাদ শরিফ: আপনারা জানেন, আজ বাংলাদেশের শাস্ত্রীয় সংগীত বিষয়ে আমরা কথা বলতে বসেছি একটি উৎসব সামনে রেখে। ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত শাস্ত্রীয় সংগীত উৎসবটি হতে যাচ্ছে। এ উৎসবে উপমহাদেশের বিখ্যাত সব শাস্ত্রীয় সংগীতকার আসবেন। বাংলাদেশ থেকেও অনেকেই অংশ নেবেন। এটা মূলত আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন ও ভারতের আইটিসি ও এসআরএ। প্রথম আলো আছে মূল সহযোগিতায়। ডেইলি স্টার আর মাছরাঙাও আছে। আমরা কথা বলব এই উৎসব কী করে সফল করা যায় সে বিষয়ে। কথা বলব উৎসব যেন উৎসবের মধ্য দিয়ে শেষ না হয়, বরং আমাদের এখানে শাস্ত্রীয় সংগীত প্রসারে সংগীতকার, শ্রোতা তৈরি হওয়াতে বড় একটা ক্ষেত্র তৈরি করতে পারে, সেটা নিয়েও। আপনাদের পরামর্শ শুনব। বাংলাদেশ থেকে একসময় অত্যন্ত উচ্চ স্তরে আমরা শাস্ত্রীয় সংগীতে অবদান রাখতে পেরেছি। ওস্তাদ আলাউদ্দিন খাঁর কথা আমরা জানি। তাঁর হাত ধরে পণ্ডিত রবিশঙ্কর বা ওস্তাদ আলী আকবর খাঁ বা আরও অনেকেই এসেছেন। কিন্তু দেখা গেছে, পরে আমরা কেন যেন বিযুক্ত হয়ে গেছি। এখানকার অনেক ছেলেমেয়ে বাইরে থেকে শাস্ত্রীয় সংগীতের শিক্ষা নিয়ে আসছেন। কিন্তু যদি চর্চা, আয়োজন বা শ্রোতার কথা বলি, দেখা যাচ্ছে তা ক্রমশই ক্ষীয়মাণ। শুরুতে আজাদ রহমানকে কিছু বলার জন্য অনুরোধ করব। আজাদ রহমান: সম্মানিত সুধী, আপনারা বাংলাদেশের হূৎস্পন্দনের প্রকাশ ঘটান। আপনাদের সাধুবাদ জানাচ্ছি এ কারণে যে, আমাদের অন্তত একসঙ্গে এইভাবে বসানো হয়েছে। এটা একটা বিশাল উদ্যোগ। বেঙ্গল ফাউন্ডেশন ও আইটিসি একটা অসাধ্য সাধন করল। আমি একটা বিজ্ঞাপনে পড়েছিলাম, প্রথমে একটা ঝাঁকি দিয়ে যদি জানান দেওয়া যায় যে কী হচ্ছে, তখন সেটা নজরে পড়ে। শাস্ত্রীয় সংগীত নিয়ে কেউ ভাবেন না। ভারত থেকে শাস্ত্রীয় সংগীতের ওপর শিক্ষা গ্রহণ করেছেন অনেক শিক্ষার্থী, আমাদের এখানেও বেশ কিছু ছেলেমেয়ে শাস্ত্রীয় সংগীতের পাঠ গ্রহণ করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ত্রিশাল বিশ্ববিদ্যালয়ে সংগীতের ওপর কাজ হচ্ছে। অনেকেই সংগীতকে পেশাভিত্তিক করার চেষ্টা করছেন। অনেকের সঙ্গেই আলাপ করি, তাঁরা বলেন, না, শাস্ত্রীয় সংগীতের শিল্পী নেই। এটা কেন হচ্ছে? কারণ হলো, যাঁরা শিখে আসছেন, তাঁরা ভাগ হয়ে যাচ্ছেন। হয় তাঁরা নজরুলের দিকে যাচ্ছেন, অথবা তাঁরা রবীন্দ্রসংগীত গাইছেন। ওগুলো কি তাহলে বেশি আকর্ষণীয়? যেখান থেকে রবীন্দ্রনাথ-নজরুল নিয়েছেন, তা শুধু বাংলাভাষী অঞ্চল নয়, এই উপমহাদেশের শাস্ত্রীয় সংগীত। আমাদের পঞ্চকবির গান হোক অথবা হিন্দি ছবির চটুল নৃত্যগান হোক—সব কটিই কিন্তু শাস্ত্রীয় সংগীতের প্রভাবেই রচিত, প্রভাবিত।এখন আমাদের সব সংগীতের উন্নতির জন্য শাস্ত্রীয় সংগীত অত্যন্ত প্রয়োজন। ভালো গান গাইতে গেলে, তাল-সুর আনতে গেলে শাস্ত্রীয় সংগীত শিখতেই হবে। এত বড় ভালো কাজে আমাদের সহযোগিতা করা উচিত। ভালো কাজ করতে গেলে ভুল-ভ্রান্তি হবে, মতদ্বৈধতাও থাকতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। নানান বিষয় চিন্তা করে আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিশ্বের স্বার্থে, বিশ্বের সংগীতের স্বার্থে একতাবদ্ধ হব। সে জন্য আমি বলব, এক. একাধিক দেশ এসে যদি শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা হয়, তাহলে প্রচলিত প্রথা হচ্ছে, এর উদ্বোধনী সংগীত বা প্রথম কিছুক্ষণ অন্তত প্রতীকীভাবে স্বাগতিক দেশের শিল্পীরা অংশ নেন। স্বাগতিক দেশের ভাষাতেই। দুই. সংস্কৃতি প্রতিবেদকদের নিয়ে কর্মশালা করার কথা ভাবা যেতে পারে। না হলে বিপদ হবে।লুভা নাহিদ চৌধুরী: আমি উৎসবটা নিয়ে কিছু বলছি। চার দিনের উৎসব। উৎসবের উদ্বোধন হবে ২৯ নভেম্বর। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রথম ও দ্বিতীয় দিন চলবে সারা রাত। পরের দুই দিন মধ্যরাত পর্যন্ত। উৎসবের পটভূমি এই—শুরুটা হয়েছিল এক বছর আগে। আইটিসি সংগীত রিসার্চ একাডেমির সঙ্গে আমাদের আলাপ হয়। বাংলাদেশে বড় করে একটি শাস্ত্রীয় সংগীতের আয়োজন করা যায় কি না, সেটাই ছিল আলোচনার বিষয়। এ উৎসবে ২০-২৫ জন প্রথম শ্রেণীর শিল্পী আসছেন। অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১০০। উৎসবটি হবে ঢাকার আর্মি স্টেডিয়ামে। দর্শক-শ্রোতাদের সামর্থ্যের কথা ভেবে উৎসবস্থলে ৫০ টাকা থেকে শুরু করে খাবার পাওয়া যাবে। আগ্রহীরা নিবন্ধন করছেন। আমরা অনুকূল সাড়া পেয়েছি। এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিবন্ধন করেছেন। দর্শকদের আনা-নেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা থাকছে। রাত সাড়ে চারটায়ও ফিরে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা থাকছে। নিবন্ধন হয়ে গেলে কম্পিউটার থেকেই প্রিন্ট আউট নেওয়া যাবে। কোনো প্রবেশমূল্য নেই। নিবন্ধন করা হলেই তিনি উপভোগ করতে পারবেন উৎসব। যতটুকু জানি, আমাদের দেশে এত বড় পরিসরে শাস্ত্রীয় সংগীত উৎসব আগে হয়নি।ফেরদৌসী রহমান: একটা সময় ছিল, দেশভাগের পর, এখানে শাস্ত্রীয় সংগীত প্রায় ছিল না বললেই চলে। আব্বা (আব্বাসউদ্দীন আহমেদ) বলেছিলেন, ‘তার পরও পাঁচ মিনিট হলেও তোমাকে গাইতে হবে।’ এর একটাই কারণ ছিল, মানুষ যেন এই সংগীত শুনতে শেখে। আমার তখন ভালো লাগত না গাইতে। আব্বা বলতেন, ‘১০ মিনিটের জন্য হলেও তোমাদের দুই ভাইবোনকে শাস্ত্রীয় সংগীত গাইতেই হবে।’ এবং গাইতে হতোই। ভালো জিনিস যদি সন্তানদের খাওয়ানো যায়, আস্তে আস্তে কিন্তু ভালো খাবারের প্রতি আকর্ষণ তৈরি হয়। তেমন করে হয়তো শাস্ত্রীয় সংগীত আমরা পরিবেশনও করিনি। যার জন্য মানুষের কানটাও তৈরি হয়নি। কিছু কিছু ওস্তাদের কিছু ম্যানারিজম থাকে, যার ফলে শিক্ষার্থীরা শাস্ত্রীয় সংগীত থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়। বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতে তেমন কোনো সাধনা হয়ইনি। হাতেগোনা কয়েকজন লোক গাইছে, হাতেগোনা কয়েকজনের ভালো লাগছে। আমাদের মিডিয়াগুলোও তেমনভাবে সাহায্য করেনি। এমন বাজে সময়ে অনুষ্ঠানগুলো প্রচার করা হয়, যখন প্রচণ্ড শাস্ত্রীয় সংগীতপ্রেমীও সে অনুষ্ঠান দেখতে চাইবেন না। আমি শাস্ত্রীয় সংগীত ভালোবাসি। পরের প্রজন্ম এই সংগীতে কী করছে, সেটা দেখার আগ্রহ আমার রয়েছে। ফলে দর্শক বা শ্রোতা তৈরি হচ্ছে না। এ ধরনের উৎসব হলে শাস্ত্রীয় সংগীতে দর্শক-শ্রোতাদের কান তৈরি হয়। এই তো কিছুদিন আগে ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ অনুষ্ঠানে পণ্ডিত অজয় চক্রবর্তী ও তাঁর মেয়ে কৌশিকী দেশিকান গান করে গেলেন। সেখানে দর্শক-শ্রোতাদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গিয়েছিল। এ কথা ভাবতেই ভালো লাগছে যে, প্রথম শ্রেণীর শাস্ত্রীয় সংগীতকারেরা চার দিন ধরে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশে। এ ধরনের উৎসবের প্রয়োজন আছে। ভাগাভাগির দরকার নেই। ওরা কতজন গাইল, আমরা কতজন গাইলাম, সেটা না ভেবে যেন আমরা ভেবে নিই, ওস্তাদদের গান শুনছি। বাদন শুনছি।মোবারক হোসেন খান: সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওস্তাদ আলাউদ্দিন খাঁ যেহেতু আমার চাচা হন, তাঁকেই উৎসর্গ করা হচ্ছে উৎসবটি, তাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। শাস্ত্রীয় সংগীত আমাদের রক্তে আছে। আমরা তা ধরে রেখেছি। পারিবারিকভাবে আমরা কিন্তু অন্য কোনো সংগীতে যাইনি। আমার সন্তানেরা এখনো শাস্ত্রীয় সংগীত করছে। আয়োজকদের প্রতি বিশেষ অনুরোধ: শুরু যেটা করছেন, সেটা শেষ করবেন না। ডোভারলেন শাস্ত্রীয় সংগীত উৎসব প্রতিবছর কলকাতায় হচ্ছে। আপনাদের এই উৎসবও যদি প্রতিবছর হয়, তাহলে শ্রোতা তৈরি হবে, শিল্পী তৈরি হবে। তার সুফল পাবেন আপনারাই। কণ্ঠ ও যন্ত্রসংগীত দুটোই থাকতে হবে। এটাকে কিন্তু ভাগ করা যাবে না। করা হলে ভারসাম্য চলে যাবে। এই জিনিসটা বেঙ্গলের মনে রাখতে হবে। শিল্পকলা একাডেমী তো এ দায়িত্ব পালন করছে না। তাদেরও দায়িত্ব নিতে হবে। অসিত কুমার দে: আমাদের দেশের শাস্ত্রীয় সংগীতের উন্নয়ন করার জন্য আমাদের দেশে শাস্ত্রীয় সংগীতশিল্পীদেরই পেশাদারি হয়ে দায়িত্ব নিতে হবে। আমি গান গাইব কিন্তু সেটা শোনার যোগ্য হবে না, অথচ আমি সুযোগ চাইব, তাতে কোনো লাভ হবে না। মূলত আমাদের উন্নয়নের চিন্তা আমাদেরই করতে হবে। বাইরে থেকে পাঁচজন শিল্পী বা শিক্ষক আনলাম। তাঁরা পাঁচ দিন থাকলেন, চলে গেলেন। তারপর আর কোনো খবর নেই। ছয় মাস পরে হয়তো তিনি আসবেন বা অন্য কেউ আসবেন। মাঝখানের বাকি সময়টায় আগ্রহ হারিয়ে যায়। তালিমটা কোনো কাজে আসে না। আমি নিজে ভারতে একনাগাড়ে ১৭ বছর ছিলাম। শাস্ত্রীয় সংগীতের এমন কোনো শিল্পী নেই, যাকে আমি পাঁচবারের কম শুনেছি। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। মাঝখানে বাদ দিলে হবে না। সংস্কৃতির সঙ্গে মিশে যেতে হয়। কোনো দেশের সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম হলো সংগীত। সংগীত যদি সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম হয়, অথচ সেদিকে যদি আমরা নজর না দিই, তাতে সংস্কৃতির চর্চাটা হয় না। সংস্কৃতির মূল জায়গা সংগীত। সেই সংগীতকে উন্নত করতে হলে শাস্ত্রীয় সংগীতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সবাই হয়তো ভারতের গানবাজনা শোনেন। ওদের চ্যানেলগুলোতেও যে খুব বেশি শাস্ত্রীয় সংগীত হচ্ছে, তা কিন্তু নয়। বেশির ভাগ ফিল্মি গান, কুৎসিত সব নাচ দেখানো হচ্ছে। তার পরও শাস্ত্রীয় সংগীত ভালো অবস্থানে আছে। আমরা সবদিক দিয়েই কম। এই কম থেকেই আমাদের ভাবতে হবে। মিডিয়া যদি শাস্ত্রীয় সংগীতের দিকে আরেকটু নজর দেয়, তাহলে ভালো। যদি প্রতিটি চ্যানেলকে বাধ্য করা যায়, সপ্তাহে অন্তত আধা ঘণ্টা শাস্ত্রীয় সংগীত প্রচার করতে হবে, তবে সেটা ভালো হয়। এটা সরকার করতে পারে। আবুল খায়ের: আমরা বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে সংস্কৃতি নিয়ে কাজ করি। সেটা বিভিন্ন ধারায়। গানই মূলত, তবে নাটক করি, চারুকলা, শাস্ত্রীয় সংগীতও করি। সবগুলোর মেলবন্ধন যদি না হয়, তাহলে বাংলাদেশের সংস্কৃতি বেশিদূর এগোবে না। আমি বিশ্বাস করি, প্রত্যেক মানুষের তার নিজ নিজ জায়গা থেকে নিজের গান গাইবার অধিকার আছে। শাস্ত্রীয় সংগীত আমাদের দেশে বহুকাল ধরেই আছে। ১৯৪৭ সালের পথ থেকেই সেটা যেন হারিয়ে যেতে শুরু করেছে। অন্যদিকটাও ভাবুন। প্রাতিষ্ঠানিকভাবে কেউ যদি সেটার পরিচর্যা না করে, তবে তা টিকে থাকতে পারে না। একসময় বুলবুল ললিতকলা একাডেমির সে ভূমিকা ছিল। আজ ছায়ানট যদি ৪০ বছর ধরে সেই ভূমিকা না রাখত, তাহলে রবীন্দ্রসংগীত বলেন, পঞ্চকবির গান বলেন, তা কিন্তু দাঁড়াত না। ভারতের সঙ্গে যদি এই গানগুলোর এবং লালন ফকিরের গানের তুলনা করি, তাহলে দেখব, আমাদের গান অনেক উন্নত। কিন্তু পিছিয়ে আছি কোথায়? শাস্ত্রীয় সংগীতে। এসব চিন্তা থেকেই ভাবলাম, গানগুলোকে যদি আমরা ভালো করে টিকিয়ে রাখতে চাই, তাহলে শাস্ত্রীয় সংগীতের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। এ কারণেই শাস্ত্রীয় সংগীতে আমরা জোর দিয়েছি। আমরা চেষ্টা করছি, প্রতি দুই মাস অন্তর যেন দুই দিনের শাস্ত্রীয় সংগীত উৎসব হয়। একটি কনসার্টে কিন্তু ১০-১২ হাজার লোক যায়। সেই কনসার্টের সময়সীমা তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। কিন্তু তিন-চার দিনব্যাপী শাস্ত্রীয় সংগীত উৎসবে মানুষকে ধরে রাখা কঠিন। কিন্তু সেটাকেই সোজা করে দিয়েছে বাংলাদেশের মানুষ। যারা নিবন্ধন করেছে, তাদের বেশির ভাগই কিন্তু সাধারণ মানুষ। ভিআইপি হয়ে হয়তো এক-দেড় হাজার মানুষ আসবেন, তাঁরা চলে যাবেন। এই সাধারণ মানুষ কিন্তু যাবেন না। তাঁরা সারা রাত থাকবেন। বাংলাদেশের মানুষের মনে, রক্তে গান আছে, থাকবে। সেটার একটা ছোট্ট প্রয়াস আমরা নিয়েছি। ভুলভ্রান্তি আমাদের থাকবে। তবে সফল হলে এর পর থেকে আমরা প্রতিবছর উৎসবটি করব। এ ছাড়া আমরা একটা স্কুলেরও চিন্তাভাবনা করছি।ইফফাত আরা দেওয়ান: সংগীত এমন একটি প্লাটফর্ম, যেখানে সবাই একত্র হতে পারি। সেটার একটাই মান, যাঁরা সবচেয়ে সুন্দর গান করেন, তাঁদেরই জায়গা আছে সংগীতে, তিনি যে দেশেরই হোন না কেন। সবারই মিলনাঙ্গন হতে পারে তা—শিল্পী যে দেশেরই হোক না কেন, শুনতে মানা নেই। আমরা প্রচারযন্ত্রে যে গান শুনি, সেগুলোই কানে থেকে যায়। শুনতে পাই বলেই গাইতে ইচ্ছে করে। আমরা কয়জন ক্লাসিক্যাল সিডি বাজাই? এই উৎসব আমাদের অনুপ্রাণিত করবে। উৎসবে উপমহাদেশের সেরা শিল্পীরা আসবেন। আমরা হয়তো আমাদের ছেলেমেয়েদের বলব, বড় শিল্পীদের মতো করে গান শেখো। আমাদের জীবনটা পার হয়ে গেল। যেটুকু তালিম পেয়েছি, তারও সদ্ব্যবহার করতে পারিনি। শাস্ত্রীয় সংগীতই তো সব গানের মূল। সেটা উপলব্ধি না করতে পারলে সংগীতের মধ্যে ঢোকাই হয় না। এই উৎসবে শ্রোতা তৈরি হবে। পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলোয় যদি আধঘণ্টা, এক ঘণ্টা ভালো শাস্ত্রীয় সংগীত দেখতে পেতাম, তাহলে আমাদের কান তৈরি হতো। রামেন্দু মজুমদার: শাস্ত্রীয় সংগীতের এই আয়োজনটি এক বিশাল আয়োজন। আমার ওস্তাদ বারীন মজুমদারের কথা মনে পড়ছে বারবার। বেঙ্গল যা করে, বড় মাপে করে। আমাদের শাস্ত্রীয় সংগীতের শ্রোতা নেই—এই উৎসবের মাধ্যমে সেটা ভুল প্রমাণিত হবে। আমাদের এখানে সমস্যা হচ্ছে, শিশুদের বাবা-মা ভাবেন, তাড়াতাড়ি গান শিখে তার সন্তান যেন টেলিভিশনে পারফর্ম করতে যায়। তাঁদের বোঝানো দরকার, সব সংগীতের মূল হচ্ছে শাস্ত্রীয় সংগীত। শাস্ত্রীয় সংগীত প্রসারে প্রচারযন্ত্রের মধ্যে বাংলাদেশ টেলিভিশনকেই সবার আগে দায়িত্ব নিতে হবে। বেসরকারি টিভি চ্যানেলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা করে শাস্ত্রীয় সংগীত প্রচারের ব্যাপারে তাদের উদ্বুদ্ধ করতে হবে। বাপ্পা মজুমদার: এখানে যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁদের মধ্যে আমি বোধ হয় সবচেয়ে ছোট। তাঁদের সঙ্গে এক টেবিলে বসে যে আমি কথা বলতে পারছি, এতেই আমি ধন্য। আমার জীবনে এ এক অনন্য সাধারণ ঘটনা। আমাকে এখানে ব্যান্ড সংগীত নিয়ে কথা বলতে ডাকা হয়নি। ডাকা হয়েছে শাস্ত্রীয় সংগীত নিয়ে আলোচনার জন্য। বাবা (বারীন মজুমদার) একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কেন শাস্ত্রীয় সংগীত করবে না? আমি তখন ছোট ছিলাম। বলেছিলাম, বাবা, আমি যদি শাস্ত্রীয় সংগীত করি, তাহলে আমাকে তো কেউ চিনবে না। লাইট মিউজিক না করলে হয়তো এখানে আমাকে ডাকা হতো না। মাথার ওপর বাবার মতো এত বড় ইনস্টিটিউট ছিল, কিন্তু শিখতে পারিনি কিছু। এখন রেওয়াজ করি, শেখার চেষ্টা করি। আমার একটা প্রস্তাব হচ্ছে, এই উৎসব নিয়ে যাঁরা গণমাধ্যমে প্রতিবেদন তৈরি করবেন, তাঁদের যেন সংগীতের জ্ঞানটা থাকে। আর একটা বিষয়, শাস্ত্রীয় সংগীত যেন আমাদের স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়। রেজওয়ান আলী: শাস্ত্রীয় সংগীত নিয়ে আমরা কথা বলছি, কিন্তু শাস্ত্রীয় বা সার্বিক সংগীতের সমস্যা নিয়ে কথা বলছি না। আমরা শিকড় আর মাটির দিকে তাকাচ্ছি না। শাস্ত্রীয় সংগীত এখনো একটা শৌখিন বিষয় হিসেবেই রয়ে গেছে। অর্থাৎ সার্বক্ষণিক কাজ বা পেশা হিসেবে নেওয়ার মতো উপায় নেই। শিক্ষাব্যবস্থাটাই এ রকম। সপ্তাহে ২০ মিনিট গান শেখানো হবে—এটা কি শিল্পী তৈরির পদ্ধতি হতে পারে? বিশ্ববিদ্যালয়গুলোয় সপ্তাহে দুই ঘণ্টা গান শেখানো হয়। এভাবে শিল্পী তৈরি হয় না।অসিত দে, শাকিল ভাই, আজাদ ভাই এখানে আছেন, আমরা যারা খেয়াল গাই, তারা কি কেউ কখনো খেয়াল গাইতে গিয়ে ১০ হাজার টাকা সম্মানী পেয়েছি? শৌখিন হলে শাস্ত্রীয় সংগীতের উন্নতি হবে না।শিক্ষাদানের পদ্ধতিটা আগে ঠিক করতে হবে।অদিতি মহসিন: আমি খুবই রোমাঞ্চিত এই উৎসব ঘিরে। আমার জীবনের কিছুটা সময় কেটেছে শান্তিনিকেতনে, ভারতে। যতটুকু শেখার সুযোগ হয়েছে, পুরোপুরি গানের সঙ্গে ছিলাম বলেই গানটিকে ঠিকভাবে নিতে পেরেছি। ভালো গান শোনাটা সবচেয়ে জরুরি। সেটা শিল্পী তৈরির জন্য, সংস্কৃতির বুনিয়াদ তৈরির জন্য, মানুষের মনন গঠনের জন্য। শাস্ত্রীয় সংগীতের ব্যাপারে বলব, আমরা গাইতে পারছি কি না, সেটার চেয়েও আমার মনে হয়, শিল্পের কোনো গণ্ডি নেই, সীমানা নেই। যিনি সুন্দর, তিনি সব সময়ই সুন্দর, সবখানেই সুন্দর। সেটাকেই আমাদের নিতে হবে, শিখতে হবে। সেটাই ব্রত। আমাদের অন্যান্য গানের ক্ষেত্রে সমস্যা কম। নজরুল-রবীন্দ্রনাথের গান অনেকটাই ভালো হচ্ছে। আমরা পিছিয়ে আছি শাস্ত্রীয় সংগীতে। এই উদ্যোগটা খুব বড় একটি ভূমিকা পালন করবে। বিনা মূল্যে এসব শিল্পীর গান শোনার সুযোগ হচ্ছে, এটা খুব বড় পাওয়া। উৎসবের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার একটা ক্ষেত্র তৈরি হবে। খায়রুল আলম শাকিল: বেঙ্গল ফাউন্ডেশনকে ধন্যবাদ। একটি অনুরোধ, বেঙ্গল ফাউন্ডেশন যে স্কুল করার পরিকল্পনা নিয়েছে, সেটি ভারতের সেরা ওস্তাদদের নিয়ে করতে হবে, সেটা ঠিক আছে। সেই সঙ্গে আমাদের এখানে শিক্ষক যাঁরা, তাঁদেরকে সম্পৃক্ত করতে পারলে কাজটা আরও সাফল্য পাবে। কারণ, আমরা জানি, ভারতের যাঁরা বিখ্যাত ওস্তাদ, তাঁদের পারফরম্যান্সের ব্যাপারে এতটাই সময় যায় যে তাঁরা শিক্ষকতা করতে চান না সহজে। তাঁদের ছাত্রছাত্রীরাই কিন্তু প্রতিষ্ঠানটি চালায় প্রধানত। তাঁরা মাঝে মাঝে শিক্ষার্থীদের নিয়ে একটু বসেন। আমাদের ওস্তাদদের মধ্যে হতাশা কাজ করছে। তাঁদের সামনে নিয়ে আসতে পারে বেঙ্গল ফাউন্ডেশন।অনুপ বড়ুয়া: এত বড় আয়োজন আমি দেখিনি। পৃষ্ঠপোষক সব সময়ই দরকার আমাদের। পয়লা বৈশাখ সর্বজনীন উৎসব—এটা ঘিরে দেশজ অনেক শিল্প-ব্যবসা এগিয়ে গেছে। এই যে এখানে পাঞ্জাবি পরে আছি—গর্ব করে বলতে পারি, এটা বাংলাদেশে তৈরি। বাঙালিকে পাঞ্জাবি পরা শিখিয়েছে পয়লা বৈশাখ। এখন বাংলাদেশে অনেক ভালো জিনিস পাচ্ছি। এ জন্য আর বাইরে যেতে হচ্ছে না।এই উৎসবে ১০০ জনের মধ্যে ৮০ জনই ভারতীয়। ওরা কৌশলগতভাবে, কূটনৈতিকভাবে এগিয়ে গেছে। আমাদের যেটুকু আছে, তাকে যেন আমরা সম্মান করি। বিভিন্ন অনুষ্ঠানে আমরা ভারতীয় শিল্পীদের লাখ লাখ টাকা দিয়ে আনছি, অথচ আমাদের শিল্পীদের আমরা দুই লাখ টাকাও দিতে পারি না। এ দিকগুলো নিয়ে ভাবতে হবে।শামা রহমান: রবীন্দ্রনাথের গানে আছে, ‘হেথা যে গান গাইতে আসা, আমার হয়নি সে গান গাওয়া’—নিজের কথাই বলছি। পৃথিবীতে খুব কম জায়গায় এত শিল্পী একসঙ্গে গান করেন। বাংলাদেশে এই উৎসব হচ্ছে—এটা অনেক বড় ব্যাপার। আশা করি এই উৎসব সাফল্য পাবে। আমরা বাঙালি—এটা আমাদের গৌরব। নতুন প্রজন্ম এই উৎসব থেকে শিখবে। আমরা এতটা সুযোগ পাইনি। শাস্ত্রীয় সংগীত সংগীতের ভিত—এটা থাকলে গানটা ধরে রাখা যায়। এটাই সাধনার পথ। রিনাত ফৌজিয়া: শাস্ত্রীয় সংগীত আসলে রুচিবান মানুষের সংগীত। এই সংগীত করতে হলে পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয়। এককালে মোগলেরা শাস্ত্রীয় সংগীতের পৃষ্ঠপোষকতা করতেন। ব্রিটিশ যুগে রাজা-মহারাজারা শিল্পীদের পৃষ্ঠপোষক ছিলেন। শিল্পীকে গান গাওয়া বা বাজন ছাড়া আর কিছুই করতে হতো না। তাঁকে খাওয়া-পরার চিন্তা করতে হতো না। ব্রিটিশ শাসন শেষ হলো। ভারতবর্ষ স্বাধীন হলো। রাজা-মহারাজারা উধাও হলেন। শাস্ত্রীয় সংগীত টিকে থাকল শুধু রেডিওতে।স্বাধীনতার পর হেলাফেলা করে ৪০ বছর পার হয়ে গেল। কেউ কিছু করল না। যার করার, সে না করলে যার রুচি ও সামর্থ্য আছে, তাকেই এগিয়ে আসতে হবে। বেঙ্গল ফাউন্ডেশন শাস্ত্রীয় সংগীত রক্ষায় এগিয়ে এসেছে। এ রকম আরও দশটা বেঙ্গল ফাউন্ডেশনকে এগিয়ে আসতে হবে।প্রিয়াঙ্কা গোপ: কৃতজ্ঞতা। আমি এই উৎসবে অংশ নিচ্ছি। আপনাদের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি। এত বড় গুণীজনেরা আসছেন, তাঁদের সঙ্গে আমার মতো নতুন প্রজন্মের শিল্পী গাওয়ার সুযোগ পাচ্ছে—এটা আমার জন্য সৌভাগ্য।শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর মাধ্যমে শাস্ত্রীয় সংগীত টিকে ছিল। এরপর ছায়ানট উদ্যোগ নিল। যাঁরা শাস্ত্রীয় সংগীত শিখছেন নতুন করে, তাঁরা যেন হতাশ না হন, সে ব্যবস্থা করা দরকার।সাজ্জাম শরিফ: আজকের গোলটেবিল অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যআপনাদের সবাইকে ধন্যবাদ। সফল হোক শাস্ত্রীয় সংগীত উৎসব।