সফিউল্লাহর পিস্তল ও ঘড়ি মুক্তিযুদ্ধ জাদুঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে গতকাল বিশ্ব শরণার্থী দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ব্যবহৃত নিজের পিস্তল ও মুক্তিযুদ্ধের সময়কালীন তোলা কিছু আলোকচিত্র হস্তান্তর করেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ l ছবি: প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে গতকাল বিশ্ব শরণার্থী দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ব্যবহৃত নিজের পিস্তল ও মুক্তিযুদ্ধের সময়কালীন তোলা কিছু আলোকচিত্র হস্তান্তর করেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ l ছবি: প্রথম আলো

বাদ্যযন্ত্র ছাড়া খালি গলায় গাওয়া হচ্ছে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ গানটি। গান শুনে মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার হলে জড়ো হওয়া দর্শক-শ্রোতার মন বুঝি একটু আর্দ্র হয়ে উঠল।

একাত্তরের মুক্তিযুদ্ধে এক কোটি শরণার্থীর কথা যেন মনে করিয়ে দিল গানটি। সেখানে ছিলেন মুক্তিযুদ্ধের এক অগ্রনায়ক মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। মুক্তিযুদ্ধে ব্যবহৃত নিজের পিস্তলটি দিতে এসেছেন জাদুঘরে। স্মৃতিচারণা করলেন যুদ্ধদিনের কথা। স্মৃতিচারণার মাঝেই নিজের হাতে পরা ঘড়িটি দেখালেন। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের সময় এই ঘড়িটি তাঁর হাতে ছিল। জাদুঘরে দিলেন মুক্তিযুদ্ধের সময়কালীন তোলা কিছু আলোকচিত্রও। বললেন, তরুণদের মুক্তিযুদ্ধের প্রতি উদ্বুদ্ধ করতেই এই স্মারকগুলো জাদুঘরে দেওয়া। তারা এগুলো দেখে যেন বুঝতে পারে, কেমন করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।

গতকাল ২০ জুন ছিল বিশ্ব শরণার্থী দিবস। মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে দিবসটি পালিত হয়। স্লোগান ছিল ‘শরণার্থীদের পাশে আমরা’। নবনীতা জাইদ চৌধুরীর গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শরণার্থী নিয়ে কথা বলেন বাংলাদেশের জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক হাইকমিশনের সিনিয়র প্রোটেকশন অফিসার তাইবা শরীফ।

লুৎফর রহমান রিটনের কবিতা আবৃত্তি করেন মাহমুদা সিদ্দিকা। আসিফ মুনীর বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি একটা বড় দিক হলো মানবিকতা। তবে তাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছে, যাতে দেশের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে। এগুলো যাতে সার্বভৌমত্বের হুমকি হয়ে না দাঁড়ায়, সেদিকেও সজাগ থাকতে হবে। স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী। সমাপনী বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।