সফোক্লিসের ‘ইদিপাস’ অবলম্বনে ‘ইতি ইয়োকাস্তে’
আরণ্যক নাট্যদল মঞ্চে আনছে ইদিপাস অবলম্বনে ইতি ইয়োকাস্তে। নাটকে ইদিপাসের গল্প বলার পাশাপাশি সমসাময়িক নারীজীবনের দ্বন্দ্বকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইদিপাস নাটকের মহড়ার মধ্য দিয়ে নাটকটির কাহিনি। নাটকের ভেতরের অব্যক্ত কথাগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। নাটকটির নাট্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন দলের তরুণ নির্দেশক দীপক সুমন। তিনি জানান, রাজা ইদিপাসের গল্প আমাদের সবার জানা। গল্পটির যে প্রধান নারীচরিত্র ইয়োকাস্তে, তার ভেতরের দ্বন্দ্বগুলো কখনো কেন্দ্রীয় চরিত্রে স্থান পায়নি। শুধু রাজা ইদিপাসকে ঘিরেই নাটক আবর্তিত হয়। তাহলে নারীরা কি শুধুই পুরুষদের ইচ্ছার পুতুল? বা সন্তান উৎপাদনের যন্ত্র? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন নির্দেশক। এ নাটকে অভিনয় করেছেন দীপক সুমন, মিতালী, মনির সুজাত শিমুল, নির্ঝর, শুভঙ্কর, শারমিন, সোনিয়া, বাপ্পাদিত্য, মুগ্ধ প্রমুখ।আরণ্যকের মূলধারার প্রযোজনাগুলোর মতো এই নাটকের উদ্দেশ্য নবীন শিল্পীদের সুযোগ দেওয়া, তরুণ নাট্যকার ও নির্দেশক তৈরি করা। বললেন দলের প্রধান সম্পাদক মামুনুর রশীদ। দুই মাসের মহড়া শেষে ১৩ আগস্ট শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে সন্ধ্যা সাতটায়। এতে দলের নবীন-প্রবীণ শিল্পীরা উপস্থিত থাকবেন।